পাকিস্তানে নিয়োজিত দূতকে ঢাকায় তলব
পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে যতো দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জঙ্গি যোগসাজশের অভিযোগের মুখে পাকিস্তানের এক কূটনীতিককে প্রত্যাহার এবং বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন হয়েছে তার প্রেক্ষাপটে হাই কমিশনারকে তলব করা হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা হাই কমিশনার সোহরাব হোসেন এমন একটি সময় ঢাকায় ছিলেন যখন ভারপ্রাপ্ত হাই কমিশনারকে (যিনি ততোটা অভিজ্ঞ নন) পাকিস্তান সরকারের মুখোমুখি হতে হয়।
ঢাকা হাই কমিশন থেকে ফিরিয়ে নেওয়া কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি যোগসাজশের অভিযোগ ওঠার পর ভারপ্রাপ্ত হাই কমিশনারকে বেশ কয়েকবার তলব করে ইসলামাবাদ।
সোহরাব হোসেনকে ঢাকায় ডেকে পাঠানোর কারণ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে।
এর পিছনে হাই কমিশনারের দায়িত্ব পালনে গাফলতির কোনো বিষয় আছে কি না জানতে চাইলে তার উত্তর এড়িয়ে তিনি বলেন, “এটা স্বাভাবিক।”
আগামী বছর এপ্রিলে সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
মেয়াদ শেষের আগেই তাকে তলব কেন- জানতে চাইলে সচিব বলেন, “পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে।”
পেশাগত কূটনীতিক সোহরাব হোসেন অবসরে যাওয়ার পর ২০১০ সালে দুই বছরের চুক্তিতে তাকে পাকিস্তানে হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়। এরপর দুবার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ১৯৭৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
