২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে পক্ষ নিতে ধমক: এনএসআই সদস্যকে বরখাস্তের নির্দেশ

পটুয়াখালী জেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ওয়াচার কনস্টেবল ফরহাদ হোসেনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তের ‍নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:00 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সন্ধ্যায় ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এই নির্দেশনা এনএসআই মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

কমিশনের একজন কর্মকর্তা জানান, ভোটের সময় ‘পক্ষ নিতে’ একজন রিটার্নিং কর্মকর্তাকে ফোন করতে ধমক দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এনএসআইয়ের এই সদস্যেকে পটুয়াখালী জেলা থেকে দ্রুত প্রত্যাহার এবং তাকে সাময়িক বরখাস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইসিকে জানাতে হবে।

ভোটের দিন চট্টগ্রামের চন্দনাইশ ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে এর আগে পুলিশের পাঁচ এসআই-কে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয় ইসি।

‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ভোটের আগে দু’জন রিটার্নিং ও সাতজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে আগের দিন জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

পাশাপাশি সাতজন সাংসদকে শোকজ ও সতর্ক করে দেওয়ার তথ্য তুলে ধরে কর্মকর্তাদের তিনি বলেন, “অনিয়ম বরদাশত করা হবে না। যারাই এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পৌরসভা নির্বাচনের আরও খবর

পুরনো খবর:

৫ এসআইকে বরখাস্তে আইজিপিকে ইসির চিঠি
নির্ভয়ে ভোট দিন, অনিয়মে কঠোর ব্যবস্থা: সিইসি