৫ এসআইকে বরখাস্তে আইজিপিকে ইসির চিঠি
পৌরভোটে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ ও মাদারীপুরের কালকিনির পাঁচ উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করতে পুলিশপ্রধানকে (আইজিপি) চিঠি দিয়েছে ইসি।
তারা হলেন- চন্দনাইশ পৌরসভায় দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন, আলমগীর ভূঁইয়া ও মো. সোলাইমান এবং কালকিনির আব্দুল কুদ্দুস শিকদার ও শরীফ আব্দুর রশীদ।
বুধবার বিকেলে ইসির উপসচিব সামসুল আলম বলেন, “তাদর বিষয়ে ব্যবস্থা নিতে আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে।”
ইসির এক কর্মকর্তা বলেন, কালকিনির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ভোটে অনিয়ম এবং এতে দুই পুলিশ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ইসিকে জানায়।
“তাৎক্ষণিকভাবে কাস্টরঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধ করে দেয় ও পুলিশ সদস্যদের শাস্তির বিষয়টি অনুমোদন করে ইসি।”
চন্দনাইশ পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ ইসির নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
