২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারাঙ্গন ২০১৫: তিন যুদ্ধাপরাধীর ফাঁসি, দ্রুততম সময়ে শিশু হত্যার রায়

দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে তিন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে ২০১৫ সালে গ্লানিমুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

মহিউদ্দিন ফারুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 09:35 AM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বছরের প্রথম ভাগে ১১ এপ্রিল যুদ্ধাপরাধী জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর বছরের শেষ ভাগে ২১ নভেম্বর একই দিনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধের দণ্ড কার্যকর হয় ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়ে।

বিদায়ী বছরের ১৭ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি এস কে সিনহা। তিনিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সর্বোচ্চ আদালতের নেতৃত্বে আসা প্রথম অমুসলিম ও আদিবাসী।

দায়িত্ব নেওয়ার পরপরই প্রধান বিচারপতি মামলা জট কমানোর উদ্যোগ নেন, যার ইতিবাচক ফল এরইমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

আসামি সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা বিডিআর হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে বছরের শুরুতে, যা অব্যাহত রয়েছে।

বছরের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থানে নির্দয়ভাবে শিশু হত্যা ও নির্যাতনের কয়েকটি ঘটনা আলোড়ন তোলে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিলেটের সামিউল আলম রাজন এবং খুলনার রাকিব হাওলাদার হত্যা মামলার রায় আসে দ্রুততম সময়ের মধ্যে।

এ ছাড়া পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের সন্তান ঐশী রহমানের ফাঁসির আদেশ হয়েছে এ বছর। ছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন মামলা, সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদে থাকা নিয়ে প্রশ্ন, ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে রিট আবেদন এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনও বিদায়ী বছরে আদালত অঙ্গনে আলোচনায় ছিল।

‘গ্লানি মোচন’

মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মো. কামারুজ্জামানের রিভিউ খারিজ হয় ৬ এপ্রিল। এরপর ১১ এপ্রিল যুদ্ধাপরাধ মামলার দ্বিতীয় আসামি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

এদিকে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। এরপর তাদের করা রিভিউ আবেদন খারিজের আদেশ আসে ১৮ নভেম্বর।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় করা যুদ্ধাপরাধের দায়ে গত ২১ নভেম্বর একই দিনে তাদের  ফাঁসি কার্যকর করা হয়, যাকে মুক্তিযোদ্ধা এবং একাত্তরের শহীদ পরিবারের সদস্যরা চার দশকের গ্লানি মোচন হিসেবে দেখছেন।

আরেক যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামির আপিল মামলার বিচারও শেষ হয়েছে এ বছর। এ মামলার রায় জানা যাবে ৬ জানুয়ারি।    

ট্রাইব্যুনালে ছয় রায়

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত ২১টি রায় এসেছে, এর মধ্যে ছয়টি মামলার রায় হয়েছে ২০১৫ সালে।

২৪ ফেব্রুয়ারি জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় হয়। ৯ জুন কিশোরগঞ্জের রাজাকার পলাতক সৈয়দ মো. হাসান আলীর ফাঁসির রায় আসে।

এরপর ১১ অগাস্ট বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-১।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ থেকে এ বছর তিন মামলার রায় এসেছে। বছরের শুরুতে ১৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা আবদুস সুবহানের সর্বোচ্চ সাজার রায় হয়। ২০ মে চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দেয়  আদালত। এরপর ১৬ জুলাই পটুয়াখালীর মির্জাগঞ্জের রাজাকার ফোরকান মল্লিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

যুদ্ধাপরাধীদের বিচারের বাইরে আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর ট্রাইব্যুনালে দণ্ডভোগও এ বছর আলোচনায় ছিল।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর কাজে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যা দুটি করা হলেও মামলার সংখ্যা কমে আনায় চলতি বছর সেপ্টেম্বরে তা আবার কমিয়ে একটি করা হয়।

Image
সিলেটের রাজন ও খুলনার রাকিব

সিলেটের রাজন ও খুলনার রাকিব

আলোচিত পাঁচ রায়

দেশে-বিদেশে আলোচিত রাজন ও রাকিব হত্যা মামলার রায় হয় বছরের শেষভাগে ৮ নভেম্বর, একই দিনে।

সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেয় সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া একজনের যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ১২ বছরের রাকিবকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দেয়।

রাকিব হত্যার রায় আসে মাত্র ১০ কার্যদিবস শুনানির পর; আর রাজন হত্যার রায় হয়  ১৭ কার্যদিবসে। আইনজীবীরা জানান, এতো স্বল্প সময়ে মামলার রায় ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বিরল।

ওই দুই মামলার রায়ের চার দিন পর পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার চাঞ্চল্যকর ঘটনার রায় আসে।

১২ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ওই দম্পতির সন্তান ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয়।  পাশাপাশি তাকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছর সশ্রম কারাদণ্ড করা হয়। তবে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার চার বছর পর গত ২৫ নভেম্বর শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বছরের শুরুতে ৮ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র  জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০১২ সালে ওই হত্যাকাণ্ড নানামুখি আলোচনা ও আন্দোলনের জন্ম দিয়েছিল।

এ বছরের শেষভাগে একদিনেই দেশের ছয় জেলায় সাত মামলায় ২৯ জনের ফাঁসির রায় আসে। এর মধ্যে গাজীপুরে ২০০৩ সালের যুবলীগ নেতা জালাল উদ্দিন সরকার হত্যা মামলায় ১১ জনের সর্বোচ্চ সাজার রায় দেয় জেলার জজ আদালত।

আলোচনায় খালেদা, মায়া, খোকা

উচ্চ আদালতে এ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন দুর্নীতি মামলা সচল হওয়ার বিষয়টি আলোচনায় ছিল।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের হওয়া বড়পুকুরিয়া কয়লা খনি, গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলা নামে পরিচিত এসব মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় হাই কোর্ট। 

সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুদকের এক মামলায় হাই কোর্টের খালাসের রায় এ বছর ১৪ জুন আপিল বিভাগে বাতিল হয়ে গেলে তার সাংসদ ও মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।  

এ বিষয়ে একটি রিট আবেদন হওয়ার পর হাই কোর্ট তা খারিজ করে দেয়; এর মধ্য দিয়ে তার পদে থাকার বিষয়ে অস্পষ্টতা কাটে।

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ১৩ বছরের কারাদণ্ডের রায় আসে চলতি বছর। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত সাত বছর আগের এই মামলার রায় ঘোষণা করে গত ২০ অক্টোবর।

খোকা অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

রায় যখন হয়, তখন বিএনপির সাবেক ঢাকা মহানগর আহ্বায়ক খোকা ‘চিকিৎসার জন্য’ নিউ ইয়র্কে অবস্থান করছেন; তাকে পলাতক দেখিয়ে মামলার বিচার চলে।

Image
ব্রাজিল থেকে আমদানি করা সেই গম, যা কুষ্টিয়ার কুমারখালী খাদ্য গুদামে রাখতে দেননি স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ।

ব্রাজিল থেকে আমদানি করা সেই গম, যা কুষ্টিয়ার কুমারখালী খাদ্য গুদামে রাখতে দেননি স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ।

অধিকতর তদন্ত, গম বৃত্তান্ত, লতিফ এবং অন্যান্য

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি জানিয়েছিলেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। বিষয়টি হাই কোর্ট পর্যন্ত গড়ালে উচ্চ আদালত জানায়, তদন্ত কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে অধিকতর তদন্ত করতে পারে, সে অনুযায়ী প্রতিবেদনও দিতে পারে। তাতে কোনো আইনগত বাধা নেই।

এর ফলে অভিযোগপত্র হয়ে যাওয়ার পরও সাত খুনের মামলায় অধিকতর তদন্ত বা আসামিদের জিজ্ঞাসাবাদ করার আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতার অবসান হয়।

এ বছর উচ্চ আদালতে আরেকটি আলোচিত মামলা ছিল ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে রিট আবেদন। ওই গম ‘নষ্ট ও পচা বলে পুলিশের পক্ষ থেকে আপত্তি তোলার খবর গণমাধ্যমে এলে এক আইনজীবী ২৮ জুন ওই রিট আবেদন করেন।

৮ জুলাই হাই কোর্টের রায়ে বলা হয়, ওই গম নিতে কাউকে ‘বাধ্য করা যাবে না’ কেউ ফেরত দিতে চাইলে তাও নিতে হবে।

গতবছর হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করে তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী যে বিপাকে পড়েছেন তার জের চলেছে এ বছরও। মন্ত্রিত্ব ও দলীয় সদস্য পদ হারানোর পাশাপাশি ২০টির বেশি মামলার আসামি হয়ে তাকে কারাগারে থাকতে হয়েছে অনেকদিন। সাংসদ পদ বাঁচাতে তিনি উচ্চ আদালতে গেলেও শেষ রক্ষা হয়নি।

এর বাইরে আইনের দৃষ্টিতে পলাতক থাকা বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার বা প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা আসে এ বছরই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধান বন সংরক্ষণ ওসমান গণির সাজা আপিল বিভাগে বহাল থাকার বিষয়টিও এ বছর  আলোচনায় ছিল।

এছাড়া পিলখানা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথরেফারেন্সের ওপর চলতি বছরের ১৮ জানুয়ারি হাই কোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয়।  দেশে-বিদেশে আলোচিত ওই ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জজ আদালত।