২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: ফুলপুরের ওসি মাজহার প্রত্যাহার

পৌর ভোটের এক দিন আগে ময়নমসিংহের ফুলপুর থানার ওসি মাজহারুল হককে প্রত্যাহার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

নির্বাচন কমিশনের (ইসি) উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় ময়নমসিংহের ফুলপুর থানার ওসি প্রত্যাহার করা হয়েছে।

পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তদন্ত করে এ নিয়ে সাতজন ওসি প্রত্যাহার করে নিল ইসি।

এর আগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা, নোয়াখালীর হাতিয়া, মৌলভীবাজারের কুলাউড়া, মাদারীপুরের কালকিনি, চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের সাতকানিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

৩০ ডিসেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৩২৩ পৌরসভার মধ্যে ২৩৪টিতে ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনী এলাকায় সোমবার মধ্যরাতে শেষ হবে প্রচার।

নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছে।

স্থানীয় সরকারের এই নির্বাচনে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে লড়াই হচ্ছে।

এবার আওয়ামী লীগের ২২৮ জন এবং বিএনপির ২২৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এর মধ্যে ২২২টি পৌরসভায় নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা আছেন মুখোমুখি লড়াইয়ে।

মোট ২০টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে; মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৮৮ জন, যাদের অনেকেই প্রধান দলগুলোর বিদ্রোহী প্রার্থী। 

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ পর্যন্ত শতাধিক প্রার্থী-সমর্থকদের জরিমানা করেছেন। বিধি লঙ্ঘনে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে ইসি।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ছয়জন সাংসদকেও সতর্ক করে নোটিস দিয়েছে। এছাড়া সাত ওসিকে প্রত্যাহারের পাশাপাশি সাতক্ষীরার কলারোয়া ও জয়পুরহাটের রিটার্নিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সেইসঙ্গে রিটার্নিং কর্মকর্তারা স্থানীয়ভাবে অন্তত এক ডজন প্রার্থীকে কারণ দর্শাতে বলেছেন।

এ অবস্থায় সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আওয়ামী লীগে ‘স্বস্তি’ থাকলেও বিএনপি ও জাতীয় পার্টি শঙ্কা প্রকাশ করে আসছে।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে এসে বলেছে- বিদ্যমান ভোটের পরিস্থিতি ‘ভালোই’ রয়েছে। তবে ক্ষমতাসীনদের প্রতি ইসি ‘নির্দয় আচরণ’ করছে।

পুরনো খবর:

এবার জয়পুরহাটের রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার
দুই এমপিকে বরগুনা ছাড়ার নির্দেশ
পৌর ভোট: শেষ প্রচারে ভোটারের দুয়ারে প্রার্থীরা