প্রধানমন্ত্রীকে প্রাথমিকের শিক্ষকদের স্মারকলিপি
বেতন পুনর্নির্ধারণে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শনিবার বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের ছয়টি দাবি সংবলিত ওই স্মারকলিপি পৌঁছে দেয়।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ফেডারেশনের ব্যানারে অনুষ্ঠিত হয় মহাসমাবেশ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করলে মাঝ পথে পুলিশ তাদের আটকে দেয়।
প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো জাহিদুর রহমান বিশ্বাস, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক ফোরাম সভাপতি মো জাসিম উদ্দিন সরকার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমাজ সভাপতি মো শাহীনুর আলামীন, শিক্ষক ফেডারেশনের বাঁধন খান ববি ও আব্দুল হক।
তাদের দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের কেবল নিচের ধাপে নির্ধারণ করা, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষা মাধ্যমে নিয়োগ।
সহাকারী শিক্ষক নিযোগের বিধিমালা পরিবর্তন করে মাহিলা ও পুরুষ নির্বিশেষে সকলের ন্যূনতম ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নিধারণ করা ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করারও দাবি জানান শিক্ষকরা।
এছাড়াও টাইমস্কেল ও সিলেকশন গ্রেডে পুনঃবহাল করতে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা এবং নন ভ্যাকেশনাল ডিপার্টেমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটি বিধান প্রণয়ন করার দাবিও এসেছে স্মারকলিপিতে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমাজ সভাপতি মো শাহীনুর আলামীন বলেন, “নতুন পে স্কেলে আমাদের বেতন বেড়েছে মাত্র দুইশ টাকা। আমরা বলব না যে বেতন বাড়েনি। কিন্তু তা ৪৭০০ টাকা থেকে ৪৯০০ টাকা করা হয়েছে, প্রধান শিক্ষকের চেয়ে সহকারী শিক্ষকদের তিন ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। একজন রিকশা চালকের মাসিক আয় এই সহকারী শিক্ষকদের চেয়ে বেশি।”
তিনি বলেন, “আমরা শিক্ষকরা যখন আন্দোলন করছি- অর্থমন্ত্রী আমাদের ননসেন্স বলেন, এগুলো শুনে আমরা অনেক কষ্ট পাই। তবুও অর্থমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ করছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সুপারশিকৃত ফাইলটি আপনি পার করে দিন। আমরা স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার সুযোগ করে দিন।”
এ এন রাশেদা বলেন, “শিক্ষকরা তাদের বেতন বৈষম্য নিয়ে আন্দোলন করে তা নয়, তারা তাদের শিক্ষকতাকে পেশা হিসেবে মর্যাদা দাবি নিয়ে আন্দোলন করেছে। এই আন্দোলন তাদের যৌক্তিক দাবি ন্যায্য দাবি বলে আমি মনে করি।”
মুক্তিযুদ্ধে চেতনায় বাংলাদেশ গড়তে হলে সহকারী শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান রুহিন হোসেন প্রিন্স।
