২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অধিকার চান যুদ্ধশিশু মনোয়ারা

একাত্তরে যে বেয়নেটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে, মায়ের গর্ভেই সেই বেয়নেটে আহত হওয়ার পরও বেঁচে যাওয়া যুদ্ধশিশু মনোয়ারা ক্লার্ক বাংলাদেশের নাগরিকত্ব চান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 07:57 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান বর্তমানে কানাডার নাগরিক মনোয়ারা।

একাত্তরে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণেরও দাবি করেছেন তিনি।

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মনোয়ারা ক্লার্ক বলেন, “আমি চাই- একাত্তরের ক্ষতিগ্রস্ত যারা এখানে আছে, যারা বিদেশে চলে গেছে, তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আমি এই দেশের নাগরিকত্ব চাই এবং এখানে ভোটের অধিকার চাই।”

গত বছরের ডিসেম্বরে জন্মসনদ নিতে বাংলাদেশে এসে আলোচনায় আসেন মনোয়ারা ক্লার্ক। শেষ পর্যন্ত ওই সনদ নিয়েই তিনি ফিরে যান।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে নির্যাতনে মৃত নারীর গর্ভ থেকে জন্ম মনোয়ারার। বেয়নেটের আঘাত নিয়েই পৃথিবীতে আসেন তিনি।

পাকিস্তানি সেনারা ধর্ষণের পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে তার মাকে। মায়ের গর্ভের শিশুর দেহেও রয়েছে সেই খোঁচার ক্ষত। তার ঘাড়ে, পিঠে, বাহুতে বড় বড় ক্ষত এখনও রয়েছে।

হানাদারদের নির্যাতনে মারা গিয়েছিলেন মা। তার গর্ভ থেকেই শিশুটিকে বিশেষ ব্যবস্থায় পৃথিবীর আলোতে নিয়ে আসেন যুদ্ধের সময় বাংলাদেশে থাকা কানাডিয়ান চিকিৎসক হালকে ফেরি।

জন্মের পর ওই শিশুর স্থান হয় পুরান ঢাকার মাদার তেরিজা হোমে। সেখান থেকে কানাডিয়ান এক দম্পতি ৬ মাস বয়সে তাকে দত্তক সন্তান হিসাবে নিয়ে যান। নাম হয় তার মনোয়ারা ক্লার্ক।

বিয়ের পর সন্তান অটিস্টিক হলে স্বামী এর জন্য তার জন্ম পরিচয়হীনতাকে দায়ী করেছিলেন বলে জানান মনোয়ারা। এরপর জন্ম সনদ নেওয়ার চিন্তা করেছিলেন তিনি।

এবার আবার বাংলাদেশে এসে শনিবার ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে একাত্তরের ‘ভিকটিম’ হিসাবে বক্তব্য রাখেন এই যুদ্ধশিশু।

তাকে পাশে রেখে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরও বিদেশে অবস্থানরত বাংলাদেশের যুদ্ধশিশুদের নাগরিকত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে একাত্তরে ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য দেন শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী।

মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংশয় এবং একাত্তরে নিহত বুদ্ধিজীবীদের নিয়ে দলটির এক নেতার কটূক্তির প্রসঙ্গ তুলে ‘হলোকাস্ট ডিনায়াল’ আইন করার দাবি জানান তিনি।

তিনি বলেন, “৪৪ বছরের মানসিক কষ্টের পর এখন খালেদা জিয়ার দেওয়া কষ্টে তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ৪৪ বছর ধরে আমরা যে কষ্ট করছি, যে মানসিক যন্ত্রণা পাচ্ছি, এই আইনের মাধ্যমে আমরা এর প্রতিকার দাবি করছি।”

শ্যামলী নাসরিন বলেন, “ইদানিং আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান যে ধরনের কথা-বার্তা বলে, গত বছরগুলোতে পাকিস্তানকে যে ধরনের কথা বলতে দেখেছি, সেই একই ধরনের কথা-বার্তা খালেদা জিয়া বলছেন।

“তিনি অত্যন্ত গর্হিতভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর কথা-বার্তা বলছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। এই পাকিস্তানিদের সাথে তার হৃদ্যতা বহুকাল ধরে। এটা আমরা সহ্য করব না।”

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য ঠেকাতে আইন করার পাশাপাশি একাত্তরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

পুরনো খবর:

বুদ্ধিজীবীরা ‘নির্বোধের’ মতো মরেছে: গয়েশ্বর
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়