২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিশ্রুতি’ রক্ষায় দুই মন্ত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চিঠি

নতুন বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের কাছে দেওয়া ‘প্রতিশ্রুতি’ রক্ষার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষে পাঠানো চিঠিতে অষ্টম বেতন কাঠামো সংশোধন করে পুনরায় গেজেট প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দুটি পৌঁছে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

৬ ডিসেম্বর শিক্ষকদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রীর দেওয়া তিনটি প্রতিশ্রুতির দুটির প্রতিফলন বেতন কাঠামোর গেজেটে ঘটেনি বলে চিঠিতে অভিযোগ করেছেন শিক্ষকেরা।

অর্থমন্ত্রী বরাবর চিঠিতে বলা হয়েছে, “আপনার প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে। কিন্তু গেজেট প্রকাশের পর অপ্রত্যাশিতভাবে আমরা লক্ষ্য করলাম, এতে আপনার প্রতিশ্রুতিসমূহের প্রতিফলন ঘটেনি।

“আমরা বেদনার সঙ্গে লক্ষ্য করলাম, আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেই এসব বিষয় ঠিক করা হয়েছে। আপনার এই বক্তব্য পূর্বে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

চিঠিতে অর্থমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার ও শিক্ষকদের দাবি মেনে নিয়ে সংশোধিত গেজেট প্রকাশের মাধ্যমে ‘শিক্ষক সমাজের মাঝে সৃষ্ট ক্ষোভ, অবিশ্বাস ও বিভ্রান্তি নিরসনের’ আহ্বান জানানো হয়েছে।

“অন্যথায় উদ্ভূত সব পরিস্থিতির দায়ভার আপনাকেই বহন করতে হবে”, অর্থমন্ত্রীর উদ্দেশে বলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

উভয় চিঠিতে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বরের এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেগুলো হচ্ছে- অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সপ্তম জাতীয় বেতন কাঠামোর অনুরূপ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে এবং এক্ষেত্রে সপ্তম বেতন স্কেলে বিদ্যমান সুযোগ-সুবিধা কমানো হবে না; সিনিয়র সচিবদের জন্য যে সুপার গ্রেড সৃষ্টি করা হয়েছে, সেই সুপার গ্রেডে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে শতকরা হারে উন্নীত করার বিধান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রারম্ভিক বেতন সপ্তম গ্রেডে সম্ভব না হলে অষ্টম গ্রেড থেকে শুরু করা হবে।

তৃতীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন হওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠিতে বেতন কাঠামোয় শিক্ষকদের ব্যাপারে সব ‘অসঙ্গতি দূরীকরণ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সুপার গ্রেডে যাওয়ার’ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পুরনো খবর:

বৈষম্য নিরসনে কলেজ শিক্ষকদের আশ্বাস মন্ত্রীর