ইসলামী ব্যাংকের টাকা নিলেন মেয়র আনিসুল
ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ইসলামী ব্যাংকের টাকা নেওয়ায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমালোচনায় পড়ার পর এবার নগরীতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর জন্য ব্যাংকটির অনুদান নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
রাজধানীর গুলশান-বনানীর আবাসিক এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য আগের দিন মেয়রের হাতে অনুদানের ৫০ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে বলে বুধবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ল এন্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির পক্ষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের নিকট থেকে সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক গ্রহণ করেন।”
বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া দিলান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএইচএম লতিফ উদ্দিন চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোয় জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ন্ত্রণ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এক আলোচনা সভায় অধ্যাপক আবুল বারকাত ২০১১ সালে এই ব্যাংকের টাকা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য বিসিবির তৎকালীন সভাপতি মুস্তফা কামালকে দায়ী করেন।
পরে সংবাদ সম্মেলন করে মুস্তফা কামাল বলেন, ‘ভালো কাজের’ জন্য তিনি ওই টাকা নিয়েছিলেন।
এর আগে গত বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে ইসলামী ব্যাংক অর্থ দেয়ার পর গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠন তার প্রতিবাদ জানিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, জাতীয় সংগীতের অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের কোনো অর্থ খরচ করা হচ্ছে না।
যুদ্ধাপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম এলাকায় আল বদর বাহিনীর নেতা ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ব্যাংকটির আরেক সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ জামায়াতের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ভাই।
