ইসলামী ব্যাংকের টাকা নিয়ে পরিকল্পনামন্ত্রীর সাফাই
ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় চার বছর পর ওঠা সমালোচনার জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ভালো কাজে’ ব্যবহারের উদ্দেশ্যে তিনি ওই অর্থ নিয়েছিলেন; বিষয়টি প্রধানমন্ত্রীও জানতেন।
সন্ত্রাসে ইসলামী ব্যাংকের অর্থায়ন নিয়ে মানুষের মধ্যে ‘এলোমেলো ধারণা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কামাল বলেন, “ইসলামী ব্যাংক অবৈধ কাজে টাকা ব্যবহার করতে পারে। তার চাইতে আমি মনে করলাম, এদের থেকে টাকা নিয়ে বরং ভালো কাজে ব্যবহার করলে অবৈধ কাজে টাকা খরচ করার অ্যামাউন্ট কমে যাবে। সেজন্য মনে করলাম আমাকে দশ কোটি টাকা দিয়ে দিছে, তা আমি নিয়ে নিছি।”
মুস্তফা কামাল বিসিবির সভাপতি থাকাকালে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সময় ঢাকাকে সাজাতে ইসলামী ব্যাংকের অর্থ নেওয়া হয়, যা নিয়ে তখনও সমালোচনা হয়।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ: মর্মার্থ ও করণীয়’ র্শীষক এক সেমিনারে অর্থনীতি সিমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রচারে ইসলামী ব্যাংকের টাকা নেওয়ার জন্য পরিকল্পনামন্ত্রীকে দায়ী করেন।
পরে সাংবাদিকরা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু তারা বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করে। সুতরাং তাদের টাকা নিতে সমস্যা কোথায়? আমি মনে করি, এই টাকা নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছি।”
আবুল বারকাতের মন্তব্যের ব্যাখ্যা দিতেই মূলত পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করেন।
মুস্তফা কামাল বলেন, “বিশ্বকাপের জন্য সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহ করি নাই। স্পন্সরের কাছ থেকে অর্থ নেব- এটা আগেই পরিকল্পনা ছিল। সেজন্য আমি অনেকের সাথে যোগাযোগ করেছি। বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই, যাদের সাথে আমি যোগাযোগ করিনি। আমি তাদের কাউকেই সেভাবে রাজি করাতে পারি নাই।
“ইসলামী ব্যাংককে আহ্বান করলে তারা এগিয়ে আসে। তারা দশ কোটি টাকা দেয়। সেখান থেকে সরকারের কর বাবদ দেড় কোটি টাকা দিয়ে দেওয়া হয়। বাকি সাড়ে আট কোটি টাকা কাজে লাগাই।”
বিশ্বকাপের প্রচার ও উদ্বোধনী অনু্ষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের অর্থ নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী জানতেন দাবি করে কামাল বলেন, “তিনি আমাকে এ ব্যাপারে উৎসাহিত করেছেন।”
সন্ত্রাসে ইসলামী ব্যাংক অর্থায়ন করে কিনা তা তার ‘জানা নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “ইসলামী ব্যাংক আর দশটা সাধারণ ব্যাংকের মতই সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করে। তারা এমন কোনো অবৈধ কাজ করেনি। তাদের লাইসেন্স একদিনের জন্যও বাতিল বা শোকজ করা হয়নি।
“ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও পর্যবেক্ষক রয়েছে। অবৈধ কিছু পেলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কিংবা তার পরিবারের কারও কাছেই ইসলামী ব্যাংকের কোনো শেয়ার নেই এবং তিনি নিজে কখনও ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন না।
গতবছর ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনে ইসলামী ব্যাংক তিন কোটি টাকা দিলেও তীব্র সমালোচনার মুখে তা না নেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।
জঙ্গি অর্থায়নের অভিযোগ ওঠায় গতবছর এইচএসবিসি যুক্তরাজ্য, সিটি ব্যাংক এনএ, ব্যাংক অব আমেরিকা ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক প্রতিবেদনেও ইসলামী ব্যাংকের মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আসে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই ব্যাংকে এমন কিছু হিসাবধারী পাওয়া গিয়েছিল, যাদের নাম ছিল জাতিসংঘের সন্দেহের তালিকায়। এসব হিসাবের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে ‘গোপন’ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
এছাড়া আর্থিক ব্যবস্থাপনায় ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ থাকায় ২০১০ সাল থেকেই ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
ইসলামী ব্যাংকের ‘অনিয়ম-দুর্নীতির’ তথ্য চেয়ে গতবছর এপ্রিলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে একটি চিঠিও পাঠানো হয়।
ব্যাংকটির মালিকানা কাঠামোয় জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের নেতাদের দাবি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম এলাকায় আল বদর বাহিনীর নেতা ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরেক সাবেক সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
