২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার পৌর মেয়র প্রার্থী বদিকে গ্রেপ্তারে বাধা নেই

নাশকতার মামলায় সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. বদিউজ্জামান বদি উচ্চ আদালত আগাম জামিন না পাওয়ায় তাকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জে বি এম হাসানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ আগাম জামিন চেয়ে করা তার আবেদন 'উত্থাপিত হয়নি' মর্মে বুধবার খারিজ করে দেয়।

এর ফলে অভিযোগপত্র হয়ে যাওয়া এই মামলায় বদিকে গ্রেপ্তারে আইনগত আর কোনো বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল এ এস এম নাজমুল হক।

নাশকতার অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি পুলিশ বদির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে, যার অভিযোগপত্র দেওয়া হয় ২৯ নভেম্বর।

এই মামলায় ২১ নভেম্বর হাই কোর্টে আত্নসমর্পণ করে আগাম জামিনের আবেদন করে বদিউজ্জামান বদি। এর ওপর ২১ ডিসেম্বর শুনানি নিয়ে আদালত ২৩ ডিসেম্বর দিন রাখে।

আদালতে বদির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী কে এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এ এস এম নাজমুল হক।

ডেপুটি অ্যার্টনি জেনারেল এ এস এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ ডিসেম্বর শুনানির দিনে আদেশ না হওয়া পর্যন্ত বদিকে হয়রানি ও গ্রেপ্তার করা যাবে না বলে মৌখিকভাবে বলেছিল আদালত।

"আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ হওয়ায় তাকে 'হয়রানি ও গ্রেপ্তার করা যাবে না' বলে দেওয়া ওই আদেশের অস্বিত্ত্ব নেই। মামলায় অভিযোগপত্র হয়েছে, এখন তাকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই।"