২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসব বিদেশি পরামর্শে ‘কন্ট্রাক্ট কিলিং’: মন্ত্রী

বিদেশ থেকে ‘পরামর্শ ও অর্থায়নেই’ সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যাকাণ্ডসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটিয়ে আইএস- এর নাম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 02:37 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আলেম- ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “জাপানি নাগরিক হত্যা, ইমাম বাড়ায় হামলা, মাওলানা ফারুকিসহ সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে- সেগুলো বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে করা হয়েছে। যদিও বলা হচ্ছে এগুলো আইএস-জেএমবি করেছে, কিন্তু তা সত্য নয়।

“যেসব হত্যাকাণ্ড ঘটছে তার সবগুলোই হয়েছে কন্ট্রাক্ট কিলিংয়ে, টাকার মাধ্যমে- বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে।”

তবে কোন দেশের কারা কেন বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে- সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী। 

সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা, আরেক বিদেশি পাদ্রির ওপর হামলা এবং তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার পর আইএস-এর দায় স্বীকারের খবর আসে।

অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে আইএস বা তেমন কোনো জঙ্গি দলের কর্মকাণ্ডের কোনো তথ্য গোয়েন্দারা খুঁজে পাননি। 

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে মন্দিরে হামলা ও ইতালীয় পাদ্রী হত্যাচেষ্টায় কয়েকজনকে গ্রেপ্তারের পর সম্প্রতি পুলিশের পক্ষ থেকে বলা হয়, এর সবগুলো ঘটনাতেই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি জড়িত। 

অবশ্য জেএমবির সম্পৃক্ততা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন কথা বলেছেন। 

কয়েকটি হত্যাকাণ্ডের একই ধরনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিনজন করে একেকটা হত্যাকাণ্ডে আসত, এরা টাকার বিনিময়ে আসত; হত্যা করত; আর পালিয়ে যেত। আর বলত- আইএস করেছে, জেএমবি করেছে।

“কিছু কিছু ঘটনায় মাদ্রাসার ছাত্রদের জড়িত থাকার কথা উঠে আসায় আমরা তদন্ত করে দেখেছি, মাদ্রাসার ছাত্র কেউ জড়িত নয়। কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কতিপয় পথভ্রষ্ট ছাত্র এগুলোর সঙ্গে জড়িত।”

‘সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার’ বিরুদ্ধে আলেম-ওলামাদের সঙ্গে এই মতবিনিময়ে কামাল বলেন, “আমরা সবই উদ্ঘাটন করেছি। যত জঙ্গি আমরা ধরছি, তদন্ত করে জানা যাচ্ছে তাদের মূল শিকড় জামায়াত-শিবির। তারা আগে রগ কাটত, এখন জঙ্গি হিসাবে রূপ নেওয়ার চেষ্টা চালাচ্ছে।”

তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই এ দেশের ওপর ‘দৃষ্টি পড়েছে’, যেমন আফগানিস্থান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ও মিশরের দিকে ‘পড়েছিল’।  

“এসব দেশ যখন শক্তিশালী হয়ে উঠছিল, তখন তাদের সামনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

“আজ যাকে আল কায়েদা বলেন, তালেবান বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলেন, জেএমবি বলেন, অথবা আইএস বলেন, সবকিছু একই সুতোয় গাঁথা। সবগুলোর মদদ দাতা এক।”

‘জঙ্গিবাদমুক্ত আলোকিত বাংলাদেশ’ গড়তে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

বাংলাদেশকে ‘জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা’ এই মুহূর্তে কঠোর হাতে দমন না করলে সামনে ‘ভয়াবহ বিপদ আছে’ বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

“যারা আইএস এর জন্ম দিয়েছে, তারাই আজ জঙ্গি দমনের নামে মুসলিম দেশগুলোকে ধ্বংশ করতে নেমেছে।”

অনুষ্ঠানের উপস্থিত শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, “জামায়াতে ইসলামী নামের সন্ত্রাসী দলকে এ দেশে রাখা হলে পবিত্র ভূমি সন্ত্রাস থেকে পবিত্র হবে না। জামায়াতকে বেআইনি ঘোষণা করা সময়ের দাবি এখন। তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও জনগণের মালিকানায় আনা হোক।” 

যারা ইসলামের নামে সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে- তারা কখনোই ইসলামের ‘বন্ধু নয়’ বলে মন্তব্য করেন তিনি।

এদের প্রতিহত করতে আলেম-ওলামা এবং জনগণকে এক হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মাসউদ বলেন, “তাহলে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে না।”

অন্যদের মধ্যে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, শায়খুল হাদিস মোস্তাক আহমেদ, মাওলানা মাযহারুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তব্য দেন।