ভূমি আইন সংস্কারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবি
ভূমি সংক্রান্ত আইনগুলো সংস্কারের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীসহ নারীর অধিকারের প্রতি গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে এক আলোচনা অনুষ্ঠানে।
মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আইন সংশোধন প্রস্তাবের সারসংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক আবুল বারকাত। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফও ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপিত ‘বাংলাদেশের ভূমি আইন অধিকার-ভিত্তিক বিশ্লেষণ ও প্রস্তাবিত পরিবর্তন বিষয়ক’ গবেষণা প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সদিচ্ছার মতো গণমানুষের সম্পৃক্ততাও আইন বাস্তবায়নে সমান জরুরি।
“আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে চাই কমিউনিটি বেইজড অর্গানাইজশনের নিবিড় পরিবীক্ষণ।”
ভূমি সংক্রান্ত আইনের বিভ্ন্নি দিক তুলে ধরে বক্তারা বলেন, বিদ্যমান আইনে কিছু বিষয় আছে যা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, নারী অধিকারেরও পরিপন্থি। এসব সংশোধন না করলে মধ্য আয়ের দেশের যে স্বপ্ন মানুষ দেখছে, তা পূরণ দুরূহ হবে।
সভায় জমি কেন জরুরি, বাংলাদেশের জমি, প্রেক্ষাপট, উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, বিশ্লেষিত ভূমি আইন (২০টি বর্গে ১৪৬টি আইন), বালুমহল, কৃষি খাস জমি, অকৃষি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি অধিগ্রহণ, ভূমি সংস্কার, ওয়াকফ, ট্রাস্ট, দেবোত্তর সম্পত্তিসহ ২০টি বর্গ সংশ্লিষ্ট আইনের প্রধান সমস্যা ও সুপারিশ তুলে ধরেন আবুল বারকাত।
তিনি বলেন, নয়টি আইনের নতুন খসড়া প্রস্তাব করা হয়েছে। ১১টি আইনে পরিবর্তন ও পরিমার্জনের কথা বলা হয়েছে।
“ট্রাস্ট আইনে সংজ্ঞা নেই, এটি দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ আইনের প্রয়োগ খারাপ অবস্থা। এই আইনে সরল বিশ্বাসের সংজ্ঞা নেই, এটিও তুলে ধরা হয়েছে।”
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ভূমি প্রশাসনের পরিবর্তনের উপর জোর দেন।
সংসদ সদস্য সেগুফতা ইয়াসমিন এমিলি আইন সংস্কারের প্রয়োজনের বিষয়টি মেনে নিলেও এর প্রয়োগের উপরই গুরুত্ব দেন।
“দেশে যতদিন পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতার অবসান না করা যাবে, ততদিন পর্যন্ত যত আইন সংস্কার করেন, তা বাস্তবায়িত করা যাবে না।”
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দুর্নীতির কথা বলেন।
নৃগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা বিদ্যমান আইনে সম্ভব নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
“আইন যদি পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশে প্রায় ৫০ লাখ আদিবাসীর ভূমি অধিকার রক্ষা করা যাবে না।”
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের মতো গারো, সাঁওতাল, খাসিয়াদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠনের দাবিও জানান তিনি।
ডেইলি স্টারের এ এস মাহমুদ হলে অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ভূমিদস্যুদের দমনে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সবার বক্তব্যের পর প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেন, “আজ এই যে সমস্যা, তা আমাদের তৈরি করা না। উত্তরাধিকার সূত্রে এই সমস্যাগুলো আমরা পেয়েছি। দীর্ঘদিন ধরে দুর্নীতি...।
“দেখেন গণতন্ত্র যেখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, সেখানে আস্তে আস্তে দুর্নীতি কমে যাচ্ছে। আইন শৃঙ্খলার যত উন্নতি হবে, এসব দস্যু-মস্যু সব ঠাণ্ডা হয়ে যাবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সোমবার দেওয়া এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজকে আবার কী দেখলাম কাগজে। ৩০ লাখ মরে নাই। কিছু কম মারা গেছিল।..বেত মারা দরকার, না জুতা মারা দরকার, আমি ঠিক বুঝে উঠতে পারি না।”
অনুষ্ঠানে তুলে ধরা সুপারিশগুলো পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
