২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই স্বীকৃতি কি মিলবে, প্রশ্ন শব্দযোদ্ধাদের

বঙ্গবন্ধুর ‘স্বর্ণপদক’ দেওয়ার ঘোষণা আর সার্টিফিকেট ছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোনো স্বীকৃতি না পাওয়ায় হতাশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত শিল্পী-সংগঠকরা।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

হীরকজয়ন্তীতে একাত্তরের বীরদের সম্মান জানাল বেতার
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংরক্ষণ হবে

আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে সহযোদ্ধা রাশিদুল হোসেনের জানাজায় এসে তাদেরই কয়েকজন বললেন সেই হতাশার কথা। 

“রাজনৈতিকভাবে বলতে গেলে আমরা বঞ্চিত। অনেক মুক্তিযোদ্ধা ফ্ল্যাট পেয়েছেন, জমি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, টাকা পেয়েছেন। আমরা কিছুই পাইনি, আমরা শূন্য,” বলেন স্বাধীন বাংলা বেতারের প্রথম ১০ সংগঠকের একজন রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শব্দসৈনিক রাশিদুলের।

একাত্তরে বাঙালির স্বাধীনতাযুদ্ধের সূচনায় যাদের হাতে গড়ে তোলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ দেশের মুক্তিকামী মানুষকে নয়টি মাস প্রেরণা যুগিয়েছে, তিনি তাদেরই একজন।

সকালে রাশিদুলকে নিয়ে আসা হয় তার ৩৪ বছরের কর্মস্থল আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে। এখানে তার জানাজায় অংশ নেন সাবেক সহকর্মী থেকে শুরু করে এখনকার কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। 

রেজাউল করিম বলেন, “আজ পর্যন্ত কোনো সরকার, সেটা আওয়ামী লীগই হোক- কি বিএনপি, একটা সার্টিফিকেট ছাড়া আর কিছু দেয়নি। সেটাও আমরা অনেক সংগ্রাম করে পেয়েছি। স্বাধীন বাংলা বেতারের অনেকেই এখনো সে সার্টিফিকেটও পাননি।”

১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে যে দশ সাহসী সৈনিকের উদ্যোগে বিপ্লবী বেতার কেন্দ্রের কাজ শুরু হয়, রেজাউল ও রাশিদুল ছিলেন তাদের অন্যতম।

বাকি শব্দযোদ্ধারা হলেন- সৈয়দ আবদুস শাকের, বেলাল মোহাম্মদ, আমিনুর রহমান, শারফুজ্জামান, মুস্তফা আনোয়ার, আবদুল্লাহ আল ফারুক, আবুল কাশেম সন্দীপ ও কাজী হাবীব উদ্দিন। রাশিদুল ছিলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

ওই বেতার কেন্দ্র থেকেই ২৬ শে মার্চ আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা পরদিন পাঠ করেন জিয়াউর রহমানও।

৩০ মার্চ সেখান থেকেই প্রথমবারের মতো শোনা যায় ‘জয় বাংলা, বাংলার জয়।’ ওইদিন দুপুরে পাকিস্তানি বাহিনীর হামলায় এ বেতার কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

“বম্বিং হওয়ার পরে আমরা দশজন এক কিলোওয়াটের একটা ট্রান্সমিটার নিয়ে ত্রিপুরার বগাফায় চলে গেলাম। সেখানেই দুটো দল করে দিল আমাদের।

“এর মধ্যে রাশেদ ভাই, আমিনুর রহমান ও আমিসহ পাঁচজন একদলে ছিলাম। যে ট্রান্সমিটারটা আমরা নিয়ে গিয়েছিলাম, সেটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। ভারতের দেওয়া শর্ট ওয়েভ ট্রান্সমিটার ছিল বেলাল ভাই, শরিফুজ্জামান, আবুল কাশেম সন্দীপদের দলে,” বলেন রেজাউল।

কালুরঘাটের পতনের পর এই দুই দল আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বেতার কেন্দ্রের কার্যক্রম চালিয়ে নেন কলকাতায় স্থায়ী ঠিকানা না হওয়া পর্যন্ত।

“রাশেদ ভাই একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন।ওই এক কিলোওয়াটের ট্রান্সমিটারটা যে আমরা অন করতে পেরেছি, একটা ভাঙাচোরা ট্রান্সমিটার মেরামত করে যে আমরা চালাতে পেরেছি- এর সম্পূর্ণ কৃতিত্ব রাশেদ ভাই আর শাকের ভাইয়ের। তারা না থাকলে ওই ট্রান্সমিটার চালানো যেত না।”

১০ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর ভারত সরকারের সহায়তায় কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড থেকে সম্প্রচার শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকদের কণ্ঠ যুদ্ধ চলে স্বাধীনতার আগ পর্যন্ত।

প্রয়াত সহযোদ্ধার কথা স্মরণ করতে গিয়ে রেজাউল বলেন, “তিনি সৎ মানুষ ছিলেন, একটু রাগীও ছিলেন। কাজকর্মে একটু অবহেলা করলে খুব রাগ করতেন। তবে স্নেহও করতেন।”

যুদ্ধের পর ‘বঙ্গবন্ধুর স্বীকৃতি’ তাদের অনুপ্রাণিত করেছিল বলেও জানান তিনি।

“স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেটা পেয়েছি কি পাইনি তা বড় কথা নয়, ঘোষণার মাধ্যমে যে সম্মান আমরা অর্জন করেছি, সেটা অনেক বড়। এটা নিয়েই তো বেঁচে আছি।”

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ সংগঠকের আশা, মৃত্যুর পরে হলেও ঠিকই ‘সম্মাননা পদক’ মিলবে শব্দযোদ্ধাদের।

বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তীতে গতবছর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সাহসী যোদ্ধাদের এক লাখ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সন্মাননা স্মারক দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বলেছিলেন, “জাতির পিতা এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে অনুযায়ী গেজেটও প্রকাশ হয়। জাতির পিতার অসমাপ্ত কাজ করতে পেরে আমি আনন্দিত।”

তবে জাতির পিতার ঘোষণার সেই স্বর্ণপদক শব্দযোদ্ধারা এখনও না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাধীন বাংলা ব্তোরের আরেক সৈনিক গাজী মাজহারুল ইসলাম।

“স্বাধীন বাংলা বেতারের সংগঠকদের সূর্য সন্তান বলা হয়। কিন্তু সেই সূর্য তো কখনো উঠল বলে মনে হয় না।

“যে দশজন আমাদের বিপ্লবী বেতার কেন্দ্রে ছিলেন, তাদের বঙ্গবন্ধু যে গোল্ড মেডেল দিতে চেয়েছিলেন, সেটা ডিক্লারেশন পর্যন্তই। কি কারণে জানি না, এটা আর দেওয়া হলো না,” বলেন মাজহারুল।

কালুরঘাটে পাকিস্তানি বাহিনীর হামলার পর প্রকৌশল দলের সাহসিকতার কারণেই পরে আবার বেতার কেন্দ্র কাজ করতে পেরেছিল বলে উল্লেখ করেন মাজহার।  

“আমরা যদি তাদের এই সাহসটুকুর সম্মান না দেখাই, তাহলে জাতি হিসেবে মুখ লুকাব কোথায়?”

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িতদের প্রতি ‘সরকারি সহানুভূতির’ আবেদন জানান রাশিদুলের আরেক সহযোদ্ধা আশফাকুর রহমান খানও।   

“আমাদের সবচেয়ে বড় দাবি ছিল বাংলাদেশের স্বাধীনতা, সেটি আমরা পেয়ে গেছি। এর চেয়ে বড় পুরস্কার আর হয় না। তবে কারা কী অবস্থায় আছে, সেটি যদি সরকার সহানুভূতির সাথে দেখেন, তাহলে হয়তো একটা ভালো কাজ হবে।”

রাশিদুলের ভূমিকার কথা স্মরণ করে আশফাকুর বলেন, “শুধু যন্ত্র চালাবার জন্য নয়, আমাদের যে কোনো কাজে, যে কোনো অনুষ্ঠানে তার সক্রিয় ভূমিকা থাকত। এই প্রাণবন্ত মানুষটি এখন নীরব, এটা ভাবলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়।”

আগারগাঁওয়ে জানাজা শেষে রাশিদুলকে নিয়ে যাওয়া হয় ব্রাক্ষণবাড়িয়ার উত্তর মোরাইলে। সেখানে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে রাশিদুল হোসেনের ছেলে মো. মনির হোসেন জানান।