২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হীরকজয়ন্তীতে একাত্তরের বীরদের সম্মান জানাল বেতার

একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় যারা সাহসী ভূমিকা রেখেছেন, হীরকজয়ন্তীতে তাদের সম্মাননা দিল বাংলাদেশ বেতার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 09:29 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে হীরক জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে যুদ্ধসংগঠকদের সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি রাষ্ট্রীয় এই প্রচার মাধ্যমের আধুনিকায়নের জন্য বেতার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তাতে সরকারের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ‘বাংলাদেশ বেতার হীরক জয়ন্তী’ পদক দেওয়া হয়- সৈয়দ আবদুস শাকের (মরণোত্তর), বেলাল মোহাম্মদ (মরণোত্তর), মো. আমিনুর রহমান, আব্দুল্লাহ আল ফারুক, মুস্তফা আনোয়ার হোসেন খান (মরণোত্তর), আ ম শারফুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, কাজী হাবিব উদ্দিন আহমদ (মরণোত্তর) এবং আবুল কাশেম সন্দ্বীপ (মরণোত্তর)কে।  

পদকপ্রাপ্ত সবাই এক লাখ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সন্মাননা স্মারক পেয়েছেন।

সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে অনুযায়ী গেজেটও প্রকাশ হয়। জাতির পিতার অসমাপ্ত কাজ করতে পেরে আমি আনন্দিত।”

এই অঞ্চলে বেতারের যাত্রা শুরু হয় ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। প্রথমে নাম ছিল ধ্বনি বিস্তার কেন্দ্র, ঢাকা। পরে এর নাম হয় অল ইন্ডিয়া রেডিও ঢাকা স্টেশন, যা পরে রেডিও পাকিস্তান হয়।  

১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যখন মুক্তিকামী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন বেতারের একদল কর্মী কালুরঘাটের চট্টগ্রাম বেতার কেন্দ্রকে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ ঘোষণা দেন। সেখান থেকেই আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা পরে পাঠ করেন জিয়াউর রহমানও।

শেখ হাসিনা বলেন, “২৬ মার্চ ঠিক দুপুর আড়াইটার সময় এম এ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এরপর, ক্রমান্বয়ে অনেকে পড়েছে।”

২৫ মার্চের আগে ৭ মার্চ বেতারকর্মীদের সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা হাসিনা।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান সরকার। এর প্রতিবাদে বেতারের কর্মীরা সেদিন সব অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। পরদিন ৮ মার্চ ইয়াহিয়া সরকার বাধ্য হয় সেই ভাষণ সম্প্রচার করতে।

এই বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বেতারের কর্মীরা সেদিন সাহসী ভূমিকা নিয়েছিলেন। স্বাধীনতার জন্য তা ছিল বড় পদক্ষেপ।”

স্বাধীনতার পর বাংলাদেশ বেতার নাম হলেও ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রেডিও বাংলাদেশ নামকরণ হয়। 

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ বেতারকে কোনো সরকারি আদেশ ছাড়াই রাতারাতি রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ করা হয়েছিল।

কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “পাকিদের প্রেম উনি ছাড়তে পারেন নাই। উনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু, যেন পাকিস্তানিদের না করা কাজই করে যাচ্ছিলেন। তার সময় বেতারের মুক্তিযুদ্ধের গান প্রচার হত না। বঙ্গবন্ধুর নাম নেওয়া হত না।”

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আগের নামেই ফিরে যায় বাংলাদেশ বেতার।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১০ হাজার সংগীতশিল্পী, ৩ হাজার নাট্যশিল্পী, ৮০০ উপস্থাপক-উপস্থাপিকা, ৪ হাজার শিশু-কিশোর, ৮০০ কলাকুশলীদের প্রতিভা বিকাশের গণমাধ্যম বাংলাদেশ বেতার।

বেতারকে আধুনিকায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যতে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা নিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট যা আমাদের চলতি মেয়াদের মধ্যেই উৎক্ষেপণ করব। সেখানে বাংলাদেশ বেতারের জন্য দুটি চ্যানেল বরাদ্দ রাখা হয়েছে।

বেতারের প্রবেশের সময় পদের সংখ্যানুপাতে উপসচিব ও তদুর্ধ পদে পদোন্নতির ব্যবস্থা করা, বেতারের মহাপরিচালকের পদ এক নম্বর গ্রেড করা, বেতার শিল্পীদের চাকরি পেনশনের আওতাভুক্ত করা এবং শিল্পীদের সম্মানী বৃদ্ধি করার ঘোষণাও দেন তিনি।

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “সম্প্রচার ক্যাডার নামে স্বতন্ত্র ক্যাডার করার একটি দাবি আপনাদের আছে। আমরা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব...বেতার আমাদের অনেক দিয়েছে, আরও দেবে।”

অনুষ্ঠানে শেখ হাসিনা বেতারের হীরক জয়ন্তী উপলক্ষে স্মারক খাম ও ডাকটিকিট অবমুক্ত করেন।

তথ্যসচিব মরতুজা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমদ।