২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংরক্ষণ হবে

একাত্তরে স্বাধীনতার ঘোষণা প্রচার স্টেশন চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র সংরক্ষণ করা হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:43 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

কালুরঘাট বেতার কেন্দ্র নামে পরিচিত কেন্দ্রটি বর্তমানে বাংলাদেশ বেতারের কালুরঘাট চট্টগ্রাম কেন্দ্র নামে চালু আছে।

নগরীর আগ্রাবাদে বেতারের চট্টগ্রাম কেন্দ্রে ধারণ করা অনুষ্ঠান কালুরঘাট কেন্দ্রে থাকা ট্রান্সমিটারের মাধ্যমেই চট্টগ্রাম এলাকায় সম্প্রচার করা হয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “এই বেতার কেন্দ্রটি একটি ঐতিহাসিক স্থান। যেহেতু এই কেন্দ্র থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

“জিয়াউর রহমানও এখান থেকে ঘোষণা পাঠ করেন চতুর্থ ব্যক্তি হিসেবে। এই কেন্দ্রের স্মৃতি সংরক্ষণে আমরা চিন্তা-ভাবনা করছি।”

এর আগে দুপুরে মন্ত্রী নগরীর আগ্রাবাদে নির্মাণাধীন ‘বিজয় একাত্তর’ নামের টাওয়ারের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

১৯৭১ সালের ২৬ মার্চ সকালে চট্টগ্রামের রাজনীতিবিদ আবুল কাশেম সন্দ্বীপ ও মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদসহ কয়েকজনের উদ্যোগে কালুরঘাটের এই কেন্দ্রে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চালু করা হয়।

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ২৬ মার্চ এ কেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। পরে সে সময়ের মেজর জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা পড়েন।

একাত্তরের ৩০ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বোমা মেরে কেন্দ্রটি উড়িয়ে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর সেটি মেরামত করে চালু করা হয়।

শুরুতে এই কেন্দ্রের মোট জমির পরিমাণ ছিল প্রায় ২৭ একর। বিএনপির ২০০১-০৫ মেয়াদে কেন্দ্রের পাশে স্বাধীনতা পার্ক নির্মাণের সময় এই বেতার কেন্দ্রের জমি অধিগ্রহণ করা হয়।

বর্তমানে কালুরঘাট বেতার কেন্দ্রের জমির পরিমাণ প্রায় সাড়ে নয় একর।

বর্তমানে ৫০ কিলোওয়াটের দুটি ট্রান্সমিটার দিয়ে এ কেন্দ্র থেকে সম্প্রচার চলে।