পাঠ্যবই মানসম্মত না হলে জরিমানা: শিক্ষামন্ত্রী
বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক মানসম্মত না হলে সরবরাহকারীদের জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এক সংলাপে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এই সংলাপে সভাপতি শ্যামল সরকারও উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলাদেশের চার কোটির বেশি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।
এবার প্রায় ৩৫ কোটি বই ছাপা হচ্ছে বলে সংলাপে জানান মন্ত্রী।
“এত বই আলাদা করে দেখবার জন্য হাজার হাজার লোক লাগালেও সম্ভব না। আমাদের এই সব দেশে কিছু সমস্যা থেকেই থাকে। আমরা চেষ্টা করি, যত পরিদর্শন, যত বেশি চাপ দেওয়া যায় রাখতে।”
প্রাথমিকের বই ছাপায় বিশ্ব ব্যাংকের ‘সামান্য’ অর্থায়ন রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য কিছু শর্ত মানতে হয়।
“তাই ছাপাটা দেরিতে শুরু হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, ছাপা হয়ে যথাসময়ে বই পৌছে যাবে।”
মঙ্গলবার নাগাদ ৮০ ভাগ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানান তিনি।
নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের এই ছবি গতবারের
এবার ছাপানো অনেক বই পড়ার অযোগ্য বলে অভিযোগের দিতে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “শতভাগ মান অর্জন একটা বড় চ্যালেঞ্জ। এটা প্রায় অসম্ভব। ৮০ ভাগ হলেও আমরা সন্তুষ্ট।”
এবার তাড়াহুড়ো থাকার কথা স্বীকার করে তিনি বলেন, বই ছাপানো দেখতে তিনি নিজেও ছাপাখানাগুলো পরিদর্শন করেছেন।
“আমি রাতে যাই, অনেকক্ষণ থাকি, দেখে আসি। সামনে থাকলে হয়ত ভালো করে, না থাকলে হয়ত খারাপ করে।”
“মান সম্মত বই দিতে না পারা একটা ব্যর্থতার প্রশ্ন। আমরা এটা নিয়ে ভালো করে অনুসন্ধান করব। যারা এর জন্য দায়ী হবেন, তাদের সিকিউরিটি মানি আগে ১০ শতাংশ ছিলো, ঝুট ঝামেলার আমি ১৫ শতাংশ করে দিয়েছি, সেই অর্থ জরিমানা গুণতে হবে,” বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক সঙ্গে পাঠ্যপুস্তক উৎসব করার আশা প্রকাশ করেন নাহিদ।
জানুয়ারি মাসের প্রথম দিন বই উৎসব হলেও এবার ওই দিন শুক্রবার হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় চাইছে ২ জানুয়ারি করতে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বছরের প্রথম দিনই বই উৎসব করার ঘোষণা দিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ঘোষণা করিনি যে, আমরা কত তারিখে করব। তবে আমাদের প্রাথমিক মন্ত্রণালয় ১ তারিখে করতে চায়। মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলে এসেছি, দুই দিনে করলে সেটার অর্থ হবে না।
“আগে কোনোদিন বন্ধের দিন করিনি। সে হিসাবে আমরা ২ তারিখে বলেছি।”
আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত দুই-এক দিনের মধ্যে জানিয়ে দেবেন বলে শিক্ষামন্ত্রী জানান।
