বই নিতে শুক্রবার স্কুলে যেতে হবে ছোটদের
বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক বিতরণের ‘ধারাবাহিকতা’ ঠিক রাখতে ১ জানুয়ারি শুক্রবার বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যদিও মাধ্যমিকের ‘পাঠ্যপুস্তক উৎসব’ হবে পরদিন শনিবার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শুক্রবার স্কুল খোলা রাখা হলেও কোনো ক্লাস হবে না। শিক্ষকরা শুধু বই বিরতণ করবেন।
“১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি। তারপরও ধারাবাহিকতা অনুযায়ী ওইদিনই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে,” বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর।
বাংলাদেশের এক লাখ আট হাজার ৫৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন। আর এসব বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা চার লাখ ৮২ হাজার ৮৮৪ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার নতুন বছরের প্রথম দিন মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।
অন্যদিকে ২ জানুয়ারি রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩৪ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।
গত কয়েক বছর ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বর্ণিল আয়োজনে একই স্থানে পাঠ্যপুস্তক উৎসবের করে এলেও এবার ছোট আর বড়দের উৎসব আলাদা হয়ে গেল।
গত ১ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ২০১৫ সালের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
ফাইল ছবি
এছাড়া ফিজার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করলেও বেশ কয়েকজন তাদের বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে সভাপতি সম্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মন্ত্রী একসঙ্গে অনুষ্ঠান করলে মিডিয়াতে শিক্ষামন্ত্রীই বেশি প্রচার পান। অনেকেই মনে করেন সব বই দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু মিলিয়ে এবার আলাদাভাবেই উৎসব হচ্ছে।”
আলাদাভাবে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করতে কয়েক লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীদেরও শুক্রবারে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। এতে তাদেরও কিছুটা ভোগান্তি হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অন্যবারের মতো যৌথভাবে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করতে গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও এবার তাতে সাড়া পাননি।
