২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: রিটার্নিং অফিসারসহ ৫ জনকে শোকজ

বরগুনা পৌরসভায় দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও আচরণবিধি লঙ্ঘন হওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ পাঁচ জনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার ইসির উপ সচিব সামসুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র সাহাদাত হোসেনের বৈঠকে যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজ যুবলীগের জেলা সভাপতি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সোমবার দুই প্রার্থীসহ সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে বলে জানান ইসির এই উপসচিব।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রার্থীর সমর্থকদের মিছিল-শোডাউনে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

এরপর সংঘর্ষের বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রিটার্নিং অফিসার, এসপি, ওসি বিরুদ্ধে অভিযোগ করেন প্রার্থী সাহাদাত।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় ইসির উপ সচিব সামসুল আলম বলেন, “দায়িত্বে অবহেলার জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে শোকজ নোটিস দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে।”

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক), এসপি, ওসি, দুই প্রার্থী সাহাদাত হোসেন ও কামরুল আহসানকে আলাদা আলাদা নোটিস পাঠানো হয়েছে।

চার ওসির বিষয়ে তদন্ত

এদিকে পৌর নির্বাচনে পক্ষপাতের অভিযোগে ঈশ্বরগঞ্জ, হাতিয়া, সাতকানিয়া ও জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব।

ইতোমধ্যে চাঁদপুরের মতলব (উত্তর), কালকিনি ও কুলাউড়া পৌরসভায় পক্ষপাতিত্বের অভিযোগে তিন ওসিকে প্রত্যাহারও করেছে ইসি।

তিন সাংসদকে সতর্ক

ঢাকা-২০, বরগুনা-২ ও নাটোর-২ আসনের সাংসদ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দুঃখ প্রকাশ করে জবাব দেওয়ায় বিষয়টির নিষ্পত্তি করেছে ইসি।

“সোমবার তিন সাংসদের জবাবে সন্তুষ্ট হয়ে তা নিষ্পত্তি করেছে। ভবিষ্যতে বিধি লঙ্ঘন যাতে না করে সে বিষয়ে সতর্ক করে দেওয়ার জন্যও তাদের সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে,” বলেন ওই উপসচিব।

তিন সাংসদ হলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেক, নাটোর-২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন।

১৫ রিটার্নিং অফিসারকে চিঠি 

আচরণবিধি লঙ্ঘনে মন্ত্রী, সাংসদ, প্রার্থীসহ অন্তত ১৫ জনের বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে প্রতিবেদন চেয়েছে ইসির মনিটরিং কমিটি।

এরমধ্যে রয়েছে তাহেরপুর, বড়াইগ্রাম, কলাপাড়া, মুক্তাগাছা, রায়গঞ্জ, খোকসা, সিরাজগঞ্জ, বদরগুঞ্জ, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, দাগনভুঞা, ফেনী, পরশুরাম, বরগুনা সদর ও শেরপুর পৌরসভায় প্রচারণায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন দিতে বলেছে ইসির উপ সচিব রকিবউদ্দীন মণ্ডল।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। এতে ১২ হাজারেরও বেশি প্রার্থী রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়।