২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: প্রার্থী ফেরায় ব্যালট জটিলতায় ইসি

পৌর ভোটের আর আর নয় দিন বাকি। ২২ ডিসেম্বরের মধ্যে মেয়র প্রার্থীদের ব্যালট পেপার ছাপানো শেষ করার কর্মপরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

গত ৫ ও ৬ ডিসেম্বর মেয়র, সাধারণ ও সংরক্ষিত পদে বাছাইয়ে ঋণখেলাপি, হলফনামায় মিথ্যা তথ্য, সমর্থন তালিকার স্বাক্ষরে ভুলসহ নানা ত্রুটিতে হাজার খানেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল, যাদের অনেকে প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়।

রোববার পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় দুইশ’ প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়া সংক্রান্ত আদালতের আদেশ পৌঁছেছে; যাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন করে ব্যালট পেপার ছাপাতে হচ্ছে ইসিকে।  

ইসি কর্মকর্তারা বলছেন, প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর মেয়র প্রার্থীদের ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ২৩৪ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের বেশিরভাগ ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে।

“মেয়র পদের নাম ও প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপানো চলছে। তবে বৈধ প্রার্থী হিসেবে আদালতের আদেশ পাওয়ার সংখ্যা বাড়তে থাকায় কিছু পৌরসভার ব্যালট পেপার ছাপানো বন্ধ রয়েছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ব্যালট পেপার মুদ্রণের তদারকির দায়িত্বে থাকা একজন কর্মকর্তা।

তিনি বলেন, কাউন্সিলর পদে এ মুহূর্তে প্রার্থী বাড়লে জটিলতা কিছুটা কম, তবে মেয়র পদে প্রার্থী এলে নতুন ব্যালট পেপার ছাপাতে হবে।

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত ১৯৪ জনের বিষয়ে আদেশ পেয়েছেন তারা। আদালতের আদেশ মেনে সংশ্লিষ্টদের বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করে প্রতীক দিতে হবে।

ব্যালট পেপার ছাপানোর পর এই ধরনের প্রার্থী নতুন যোগ হওয়াটা সমস্যা মনে করছেন কি না- প্রশ্ন করলে তিনি বলেন, “ব্যালট পেপার ছাপানো হলেও কিছু করার নেই। আদালতের আদেশ মানতে হবে।”

ইসির একজন উপ সচিব জানান, কাউন্সিলর পদে ‘কমন’ ব্যালট পেপার থাকায় প্রার্থী বাড়লেও সমস্যা নেই। ইতোমধ্যে কাউন্সিলরদের সব ও মেয়র পদে ৫০ শতাংশের বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। অতিরিক্ত প্রতীকে করতে গেলে সমস্যা হবে না।

“তবে মেয়র পদে প্রার্থী বাড়লেই ছাপানো ব্যালট নষ্ট করতে হবে, নতুন প্রার্থীকে নিয়ে নতুন করে ছাপাতে হবে ব্যালট পেপার।”

৩০ ডিসেম্বর ভোটের আগে ২৬ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে হবে, বলেন তিনি।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

মেয়র, সাধারণ ও সংরক্ষিত পদের জন্য ভোটার সংখ্যার তিন গুণ হিসেবে ২ কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার ছাপবে ইসি।

পৌরসভায় তিনটি পদে ২৩৪ পৌরসভায় ১৩ হাজারারেও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়ায় ১২ হাজার ৪৩ জন।

বাদ পড়াদের মধ্যে মেয়র পদে দেড় শতাধিক জন রয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬২ জন। বাকিগুলোর মধ্যে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বাদ পড়েছে পাঁচ শতাধিক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সময় হাতে রয়েছে মাত্র এক সপ্তাহ। কেন্দ্রে কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পেপার পৌঁছাতে হবে। এতো আদেশের বিরুদ্ধে আপিল করাও সম্ভব না।”

তবে মেয়র পদে বাছাই করে কয়েকটি ক্ষেত্রে আপিল করা হতে পারে বলে জানান তিনি।

১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ রয়েছে। তবে জরুরি বিষয় নিষ্পত্তিতে অবকাশকালীন বেঞ্চ থাকছে।

আদালতে ছুটি থাকায় গত সপ্তাহের মতো আর বেশি প্রার্থিতা ফিরে আসার সম্ভাবনা নেই বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।

পুরনো খবর:

বিএনপির সমালোচনা ‘অযথা’: শাহনেওয়াজ
বিধি ভঙ্গে কঠোর হতে বললেন সিইসি
পৌর ভোট: বিএনপির অভিযোগের ‘সত্যতা মেলেনি’ চাটখিলে
পৌর ভোট: ৩৩ দফা কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছে ইসি