২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমালোচনা ‘অযথা’: শাহনেওয়াজ

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপি’র নিয়মিত সমালোচনাকে ‘অযথা দোষারোপ’ বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সেই সঙ্গে জনপ্রতিনিধিদের আচরণবিধি অনুসরণে সরকার প্রধানের হস্তক্ষেপও চেয়েছেনে তিনি।

রোববার শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকার দলীয় মন্ত্রী-সাংসদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শাহনেওয়াজ বলেন, “আমরা বলব, যারা সরকারের আছেন, তারা অন্যদের চেয়ে বেশি দায়িত্বশীল হবেন এটাই আশা করব।”

নির্বাচিত সরকারের অধীনে ভোট করতে গিয়ে এভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সরকারের ভাবমূর্তির বিষয়টিও জড়িত বলে জানান তিনি।

“বর্তমানে যারা সরকারে রয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি- তাদের অনুরোধ করবে, তারা যেন আমাদের সহযোগিতা করেন। যদিও আমরা নির্বাচন কমিশন আলাদা, তারপরও সরকারের থাকা অবস্থায় নির্বাচন করছি, সরকারের ভাবমূর্তির প্রশ্ন উঠবে।”

সরকার প্রধানের কাছেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও উল্লেখ করেন শাহনেওয়াজ।

তিনি বলেন, “যিনি সরকার প্রধান আছেন, তাকেও বলব বিষয়টি (আচরণবিধি অনুসরণে সংশ্লিষ্টদের) দেখার জন্য।”

সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করতে ইতোমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিয়েছে ইসি সচিব।

মন্ত্রী-এমপিদের উদ্দেশে শাহনেওয়াজ বলেন, “আপনাদের মাধ্যমে বলব, সরকারে যারা আছেন, তারা যেন আমাদের সহযোগিতা করেন। আমাদের যেন অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হন।”

বিএনপি’র পক্ষ থেকে শনিবারও অভিযোগ করা হয়েছে- ইসি পক্ষপাতিত্ব ভূমিকা পালন করছে, পৌর ভোটে নির্বাচন কমিশন ও সরকার ‘পার্টনারশিপ’ হয়ে কাজ করছে।

এমন অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ বলেন, “আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন সময় নিরপেক্ষতা বজায় রাখতে চরম চেষ্টা করে গিয়েছি; এখনও করছি। এরপরও কোনো দল অভিযোগ করলে তাদের ব্যক্তিগত ব্যাপার।”

ইসির বিরুদ্ধে অযথা অভিযোগ না করার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে- যারা চাপ সৃষ্টি করতে চায়, তারা অযথা নির্বাচন কমিশনকে দোষারোপ করার চেষ্টা করে। তারা মনে করে নির্বাচন কমিশন চাপে পড়বে। আমরা বলতে চাই, আমরা কোনো ধরনের চাপ সহ্য করব না। আমরা আমাদের মতই চলব।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি জানান, আইনশঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গেছে- এমন কোনো কোনো কারণ হয়নি। রিটার্নিং কর্মকর্তা যে অনিয়ম দেখেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

কিছু বিধিভঙ্গ ইসির ‘অলক্ষ্যে’ ঘটেছে বলে দাবি করেন তিনি।

“কিছু কিছু লোক আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করছে, আগে সেগুলো লক্ষ্য করা হয়নি; এখন অভিজ্ঞতা ও পরিবেশের কারণেই হোক শক্ত ব্যবস্থা নিতে পিছপা হব না।”

কর্মকর্তাদের সতর্ক করে শাহনেওয়াজ বলেন, “যারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তাদের বিরেুদ্ধে আমরাই ব্যবস্থা নেব।”

রিটার্নিং কর্মকর্তাদের পূর্ণ সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

এদিকে ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপে পুলিশের সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন।

শনিবারের আইন শৃঙ্খলা বৈঠকের প্রসঙ্গ টেনে শাহনেওয়াজ বলেন, “সুবিধা-অসুবিধার কথা বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তাদের বলেছি- সাংবাদিকরা আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন। তবে অন্যদের সুযোগ দেবেন।”