২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখল-ফ্ল্যাটের টাকা আত্মসাতের অভিযোগ প্রবাসীদের

আবাসন কোম্পানি ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, প্রতারণা ও ফ্ল্যাট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ করেছেন কয়েকজন প্রবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:34 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে কোম্পানিটির সব প্রজেক্ট এবং রিয়াল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সঙ্গে সম্পর্ক বাতিলের দাবি জানান তারা। কোম্পানিটির বিরুদ্ধে দায়ের সব মামলা কার্যকরের দাবিও জানান তারা।

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লাইন কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ড প্রবাসী জিয়া হায়দার বলেন, “আমাদের সঙ্গে চুক্তি করে বিভিন্ন প্রজেক্ট হাতে নেয় ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদুল ইসলাম ও তার ভাই পরিচালক এস এম সাজেদুল ইসলাম।

“কিন্তু তারা সেগুলো কার্যকর করেনি। তারা যেসব প্রজেক্ট ক্রেতাদের দেখায় বাস্তবে সেগুলো তাদের না।”

অস্ট্রেলিয়া প্রবাসী সুমন রহমানের পক্ষে তার ভাই আরাফাত রহমান বলেন, “এই ডেভেলপার প্রতিষ্ঠানে আমার ভাই ফ্ল্যাট কিনেছেন। তবে তারা আমাদের ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না। আমরা চাচ্ছি, আর যেন কোনো মানুষ এই প্রতারক চক্রে না পড়ে এবং তাদের শাস্তি দিতে প্রশাসন এগিয়ে আসে।”

কানাডা প্রবাসী শহিদুল  বলেন, “মালিকদের  সই জাল করে বিভিন্ন জায়গায় তারা জমি দখল করে নেয়। পরে রাজউকের অনুমোদন নিয়ে বিক্রির জন্য ফ্ল্যাট তৈরি করে।”  

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারণা ও হুমকির মাধ্যমে ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ও পরিচালক সাজেদুল ঢাকায় কেনা প্রবাসীদের জমি দখল করে আসছেন।

তারা মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০নং রোডে কানাডা প্রবাসী রোমেনা আক্তার এবং সালাউদ্দিন চৌধুরীর ও নিলুফার ইয়াসমীনের সাড়ে ১০ কাটা জমি দখল করেছেন।

পাশাপাশি মিরপুরে নিউ জিল্যান্ড প্রবাসী জিয়া হায়দার এবং উত্তরায় আমেরিকা প্রবাসী মোবারক হোসেন ও অস্ট্রেলিয়া প্রবাসী সুমনের জায়গা দখল করে আবাসিক ফ্ল্যাট নির্মাণ করে ক্রেতাদের কাছ থেকে বুকিং বাবদ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।