২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমৃদ্ধি আসে শান্তির পথ ধরে: মুহিত

শিল্পকলা ও সুকুমার বৃত্তির বিকাশকে একটি জাতির প্রকৃত উন্নয়নের পথে 'অর্থ-সম্পদ ও সমরাস্ত্রের মতো' গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 10:29 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী করে তিনি বলেন, "শিল্পকলা মানুষের রুচি বিকাশে সহায়তা করে। আর একটি জাতির সার্বিক উন্নয়নের প্রধান শর্ত হল তার রুচির বিকাশ।”

একজন শিল্পপ্রেমিক, শিল্পরসিক মানুষ কখনো নোংরা-যুদ্ধবাজ হতে পারে না মনে করেন মুহিত।

“যুদ্ধংদেহী কিংবা সাংঘর্ষিক মনোভাব থাকলে কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। সামনে এগোনোর পথ শান্তির; এর মাধ্যমেই একটি জাতি প্রকৃত অর্থে সমৃদ্ধ হতে পারে।”

দেশের ৫৭ জন শিল্পীর ২০০টি শিল্পকর্ম নিয়ে প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে ল্যাবএইড ফাউন্ডেশন।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরি, কালিদাস কর্মকার, হামিদুজ্জামান খান, বীরেন সোম, নাসিম আহমেদ নাদভীসহ অন্যরা রয়েছেন।

প্রদর্শনীর ছবিগুলো মূলত প্রকৃতি, নিসর্গ ও বর্ণবৈচিত্র্যকে ভিত্তি করে আঁকা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনীতে বিশ্বের বিভিন্ন দেশের উদাহারণ টেনে অর্থমন্ত্রী মুহিত বলেন, “আমরা যদি আজকে উন্নত জাতিগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে ওরা শুধু অর্থ-বিত্ত, ধন-সম্পদ বা সমরাস্ত্রে এগিয়ে আছে তা নয়-তারা তাদের শিল্পকলা বিকাশের ক্ষেত্রেও অত্যন্ত সচেতন।

Image
জাতীয় জাদুঘরে 'জীবনের জন্য শিল্প' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে নৃত্য পরিবেশনা

জাতীয় জাদুঘরে 'জীবনের জন্য শিল্প' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে নৃত্য পরিবেশনা

Image
জাতীয় জাদুঘরে 'জীবনের জন্য শিল্প' শীর্ষক চিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা

জাতীয় জাদুঘরে 'জীবনের জন্য শিল্প' শীর্ষক চিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা

"একটি জাতি যদি উচ্চমার্গে পৌঁছতে চায় তাহলে শুধু ধনসম্পদ কিংবা অস্ত্র হলে চলবে না, সৃষ্টিকর্তা যে সুন্দর বৃত্তি দিয়েছেন তার বিকাশও জরুরি।”

ল্যাবএইড ফাউন্ডেশনের আয়োজনে তিনটি আর্ট ক্যাম্পে প্রদর্শনীর ছবিগুলো একেঁছেন চিত্রশিল্পীরা।

এর মধ্যে ২০০৯ সালে সেন্ট মার্টিন দ্বীপ ও মেঘনা নদী এবং সর্বশেষ ২০১৫ সালে বান্দরবানে আয়োজিত আর্ট ক্যাম্প থেকে প্রদর্শনীর ২০০টি ছবি বাছাই করা হয়েছে বলে জানান ল্যাবএইড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শিহান সাজিদ।

এসব ছবি বিক্রির জন্য নয় জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিহান সাজিদ বলেন, “প্রদর্শনী শেষে ছবিগুলো আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। একজন রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য মানসিক প্রফুল্লতা জরুরি। এই চিন্তা থেকেই আমরা উদ্যোগটি নিয়েছি।"

অনুষ্ঠানে বিশ্বসাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।