‘ইমার্জেন্সি’ ছাড়া ফেইসবুক বন্ধ হবে না: তারানা
বাংলাদেশে ‘জরুরি পরিস্থিতি’ তৈরি না হলে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আর বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে চাই না। কখনো বন্ধ করতে চাই না, আনলেস অর আনটিল ইমার্জেন্সি।
“কখনো কোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হবে না, ইমার্জেন্সি ছাড়া।”
নিরাপত্তার কারণ দেখিয়ে ২৬ দিন বন্ধ রাখার পর সোমবার বাংলাদেশে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সব মাধ্যম ও অ্যাপ খুলে দেওয়া হয়, অবশ্য এর চারদিন আগে ফেইসবুক খুলে দেওয়া হয়।
এসব বন্ধ থাকায় এই সময়ে দেশের নিরাপত্তা পরিস্থিত ‘ভালো’ ছিল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এ সময়ে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হলেও আগামীতে ফের এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে কি না প্রতিমন্ত্রীর কাছে সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক এবং মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়।
২২ দিন বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশে ফেইসবুক খুলে দেওয়া হয়।
কিন্তু এর তিন দিনের মাথায় রোববার রাতে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। পরদিন আবার সব সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপ খুলে দেওয়া হয়।
দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির মধ্যে ফেইসবুকসহ অন্য অ্যাপগুলো বন্ধ করার সময় নিরাপত্তার কারণ দেখিয়েছিল সরকার।
‘বৃহত্তর স্বার্থে’ এই কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম সে সময় বলেছিলেন, “দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।”
তবে সরকারের ওই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি তরুণদের অনেকেই।
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলো দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয় দেশের বিভিন্ন স্থানে। এই সময়ে বিকল্প পথে অনেকেই ফেইসবুক ব্যবহার করেন।
