সিংগাইর পৌরসভায় ভোট ৭ জানুয়ারি
হাই কোর্টের স্থগিতাদেশ স্থগিত হওয়ার পর মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় ৭ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসান বলেন, সিংগাইর পৌরসভার ভোটের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
তফসিল ঘোষণার পর যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারাই এ ভোটে অংশ নিতে পারবেন বলে এই কর্মকর্তা জানান।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল। পরে আদালতের আদেশে বাগেরহাটের মংলা বন্দর ও সিঙ্গাইর পৌরসভার ভোট স্থগিত হয়।
গত ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। পরে ৭ ডিসেম্বর হাই কোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
