২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের দাফন সম্পন্ন

ঢাকার কাকরাইলে ট্রাকের ধাক্কায় নিহত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জানাজা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় দৈনিক কালের কণ্ঠের সাবেক এই উপ সম্পাদককে আজিমপুরে দাফন করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।

প্রেসক্লাবে জানাজার পর দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা।

মিছিলটি ডিআরইউ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগামী মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।

প্রয়াতের আত্মীয় দৈনিক অবজারভারের বিশেষ সংবাদদাতা শাহনাজ বেগম জানান, শনিবার রাতে কাকরাইল মোড়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ফারুককে ধাক্কা দেয়।

এক অটোরিকশা চালক তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্বজনরা খবর পেয়ে ফারুককে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ফারুকের (৫৩) মৃত্যু হয় বলে শাহনাজ জানান।

রমনা থানার উপপরিদর্শক সামসুদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির সন্ধান তারা পাননি।

পাবনা জেলার বেড়া উপজেলার সন্তান আবদুল্লাহ আল ফারুক ২০০৯ সালে কালের কণ্ঠে যোগ দেওয়ার আগে সমকালের প্রধান প্রতিবেদক এবং যুগান্তর ও সংবাদে রাজনীতি ও সংসদ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

আগামী ১ জানুয়ারি ‘খোলা কাগজ’ নামে নতুন একটি পত্রিকায় তার যোগ দেওয়ার কথা ছিল বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী জানান।

জানাজা ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ফারুকের মরদেহ দুপুরে তার মোহাম্মাদপুরের বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা সেখানে ফারুকের জানাজা অংশ নেন।

প্রেসক্লাবের এই স্থায়ী সদস্যের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা।

এরপর কফিন নেওয়া হয় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে। সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা আব্দুল্লাহ ফারুকের জানাজায় অংশ নেন।  

ডিআরইউ থেকে ফারুকের মরদেহ মোহাম্মদপুরে তার বাসায় নেওয়া হয়। বিকালে স্থানীয় একটি মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আলাদা শোক বার্তায় ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পুরনো খবর:

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ ফারুকের মৃত্যু