২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ ফারুকের মৃত্যু

ঢাকার কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 10:38 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

তার আত্মীয় দৈনিক অবজারভারের বিশেষ সংবাদদাতা শাহনাজ বেগম জানান, রোববার সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের (৫৩) মৃত্যু হয়।

আগের রাতে কাকরাইল মোড়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক এই সাংবাদিককে ধাক্কা দেয়। এক অটোরিকশা চালক তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে ফারুককে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।

রমনা থানার উপপরিদর্শক সামসুদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির সন্ধান তারা পাননি।

প্রথম জানাজা এবং সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য ফারুকের মরদেহ দুপুরে তার মোহাম্মাদপুরের বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফারুকের জানাজা অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

পরে মরহুমের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা।

প্রেস ক্লাব থেকে তার কফিন নেওয়া হয় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে। সেখানে বিকাল ৩টায় তার দ্বিতীয় জানাজায় বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্টাররা অংশ নেন।

জানাজা শেষে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি ডিআরইউ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। একই দাবিতে আগামী মঙ্গলবার মানববন্ধন করবেন সাংবাদিকরা।

পরে ডিআরইউ থেকে ফারুকের মরদেহ দাফনের জন্য আজিজপুর কবরাস্থানে নেওয়া হয়।

পাবনা জেলার বেড়া উপজেলার সন্তান আবদুল্লাহ আল ফারুক ২০০৯ সালে কালের কণ্ঠে যোগ দেওয়ার আগে সমকালের প্রধান প্রতিবেদক এবং যুগান্তর ও সংবাদে রাজনীতি ও সংসদ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

আগামী ১ জানুয়ারি ‘খোলা কাগজ’ নামে নতুন একটি পত্রিকায় তার যোগ দেওয়ার কথা ছিল বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আলাদা শোক বার্তায় ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আবদুল্লাহ আল ফারুক স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।