২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নেতৃত্ব আওয়ামীপন্থিদের হাতেই

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্ব ধরে রেখেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল, সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:17 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সমিতির সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের ওপরই আস্থা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। টানা তৃতীয়বারের মতো ওই দুই পদে নির্বাচিত হয়েছেন তারা।

বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা প্যানেলে জয় পেয়েছেন কেবল সদস্য পদের প্রার্থী পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

দীর্ঘদিন পর এবার আওয়ামীসমর্থকদের থেকে আলাদা হয়ে নিজস্ব প্যানেলে নির্বাচন করেছিল বামপন্থি শিক্ষকদের গোলাপী দল। কোনো পদেই তারা জয়ী হতে পারেননি।

রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণের পর বিকালে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া।

তিনি জানান, সমিতির ১ হাজার ৯৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৬৬ জন এবার ভোট দিয়েছেন।

বর্তমান সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবার ৯১৭ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। এই পদে সাদা দলের প্রার্থী ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৫৭ ভোট।

Image
সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল

সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল

সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত নীল দলের মাকসুদ কামাল পেয়েছেন ৮৬৬ ভোট। এ পদে সাদা দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ৩৭৪ এবং স্বতন্ত্র প্রার্থী আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান ১৫০ ভোট পেয়েছেন।

অধ্যাপক হাফিজুর  নীল দলের সমর্থক হিসেবেই পরিচিত। কিন্তু শিক্ষকদের ‘চরম অপমানের’ সময়ও আগের সমিতি ‘বলিষ্ঠ কোনো প্রতিবাদ’ করেনি- এই যুক্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।

ফল ঘোষণার পর নীল দলের আহ্বায়ক নাজমা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আামাদের প্রত্যাশা ছিল ১৫টিতেই জিতব। কিন্তু ১৪টাও তো কম নয়। এটাও ভালো ফলাফল।”

গতবছর  ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের সাদা প্যানেলের ভরাডুবি হয়। ফলে তাদের কোনো সদস্যেরই সর্বশেষ কমিটিতে ঠাঁই হয়নি।  

ফল ঘোষণার পর সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষকদের রায় আমরা মেনে নিয়েছি। তবে গতবারের চেয়ে এবারের ফল তো কিছুটা হলেও ভালো।”

বড় পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, “সরকারে থাকা নীল দলের প্রার্থীরা শিক্ষকদের কাছাকাছি থাকেন। আমরা সেটা পারিনি। গত কয়েক বছরে সরকার সমর্থকরা অনেক শিক্ষক নিয়োগ দিয়েছেন।”

গোলাপী প্যানেলে সহ-সভাপতি পদের প্রার্থী ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম। তিনি বলছেন, কয়েক বছর পর তারা এবার আলাদাভাবে নির্বাচন করলেন। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের গোলাপী দলের ‘অস্তিত্ব জানানোই’ জন্য এই অংশ নেওয়া।

“সামনে বৃহৎ দল হিসাবে আত্মপ্রকাশের জন্য নিজেদের সাংগঠনিক প্রস্ততি আমরা নেব,” বলেন তিনি। 

অন্য পদে যারা জয়ী

নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার, কোষাধ্যক্ষ পদে শিক্ষক সমিতির বর্তমান কোষাধ্যক্ষ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম জয়ী হয়েছেন।

আর সদস্য পদে সরকারসমর্থক প্রার্থীদের মধ্যে কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল নির্বাচিত হয়েছেন।

নীল প্যানেল থেকে হেরেছেন কেবল সদস্য পদের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাসুদুর রহমান। সাদা প্যানেলে লুৎফর রহমান ওই পদেই জয় পেয়েছেন।