২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: বাগেরহাটের ইউসুফ কারাগারে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 12:35 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

রোববার সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

আদালত এ মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য ৪ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছে বলে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী জানান।

যুদ্ধাপরাধ মামলার আসামি মো. ইউসুফ আলী শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা। তিনি জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। গত ৯ ডিসেম্বর গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

তিনি মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযোগ আনা হয়েছে।  

ট্রাইব্যুনাল প্রসিকিউটর হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত সংস্থা। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ইউসুফের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদন ছিল না। শুনানিতে প্রসিকিউটর হায়দারের সঙ্গে ছিলেন প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হকসহ অনেকে।

এ মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো. রুহুল আমিন জানান, ইউসুফ আলম মুক্তিযুদ্ধের সময় ছাত্র ছিলেন। সে সময়ে তিনি আলবদর বাহিনীতে যোগ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালান।

প্রাথমিক তদন্তে ‘অভিযোগের সত্যতা’ পাওয়ায় গত ১ এপ্রিল ইউসুফসহ জামালপুর ও ময়মনসিংহ জেলার আটজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের এই মামলা করা হয়। ইউসুফের বড়ভাই এ বিএম ইউনুস আলীও (৬৫) একই মামলার আসামি। ট্রাইব্যুনাল এই আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৯ ডিসেম্বর।

পরোয়ানা জারির পর থেকেই ইউসুফ আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাবের সহায়তায় ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাটের শরণখোলা থানার ওসি মো. শাহ আলম মিঞা জানান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, ইউসুফ আলম ১৯৭৯ সালের ৯ অগাস্ট বন বিভাগে ফরেস্টার পদে যোগ দেন। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ডেপুটি রেঞ্জার হন তিনি।

কিছুদিন আগে পদোন্নতি পেয়ে শরণখোলার স্টেশন কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন যুদ্ধাপরাধ মামলার এই আসামি।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ মামলায় বাগেরহাটের বন কর্মকর্তা গ্রেপ্তার