২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘুদের’ ওপর হামলা: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস মন্ত্রীর

‘সংখ্যালঘু সম্প্রদায়ের’ ওপর হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মহাখালীর আরজতপাড়ায় দুর্বৃত্তদের হামলার শিকার তিনজনের পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরে দেখা করে তিনি এ আশ্বাস দেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী বৃহস্পতিবার রাতে দিনাজপুরে ইসকন মন্দিরে হামলাসহ বিগত কয়েকদিনে সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র তুলে ধরেন।

এর প্রেক্ষিতে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের আতঙ্ক হওয়ার কিছু নেই, সরকার অ্যাকশনে যাবে। যে বা যারা এসব ঘটনার সঙ্গে জড়িত আছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আহত রাজেশ আলেকজান্ডার ডি’ক্রুজ, তার ভাই নরেন রঞ্জন আলেকজান্ডার ও বোন বিপাশা  ডি’ক্রুজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

পরিবারের পক্ষ থেকে তাদের মা জানান, তিনজনের মধ্যে নরেন রঞ্জন আলেকজান্ডার এখনও আশঙ্কা মুক্ত নন। ঢাকা মেডিকেলে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা’ লড়ছেন।

বৃহস্পতিবার ভোরের দিকে তেজগাঁও আরজতপাড়ায় ওই বাসায় ঢুকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন ভাইবোনকে আহত করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবারই রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ গ্রামে  আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় দুর্বৃত্তদের গুলি ও হাতবোমা হামলায় দুজন আহত হন।

পুরনো খবর:

দিনাজপুরে মন্দিরে গুলি-বোমা, আহত ২
তেজগাঁওয়ে গ্রিল কেটে বাসায় ঢুকে তিনজনকে জখম