তেজগাঁওয়ে গ্রিল কেটে বাসায় ঢুকে তিনজনকে জখম
ঢাকার তেজগাঁও এলাকায় ‘গ্রিল কেটে’ এক বাসায় ঢুকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন ভাইবোনকে আহত করেছে দুর্বৃত্তরা; পুলিশ বলছে, এটি ‘ডাকাতির চেষ্টার’ ঘটনা।
তবে ঘটনার শিকার ওই পরিবারের অভিযোগ, তারা ‘খ্রিস্টান’ বলেই এ ধরনের হামলা হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে তেজগাঁও আরজতপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান।
আহত দুই ভাই রঞ্জন ডি’ক্রুজ ও রাজেশ ডি’ক্রুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই পায়ে গুলি লেগেছে, ধারালো অস্ত্রের আঘাতও লেগেছে।
তাদের বোন বিপাশা ডি’ক্রুজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়।
ওসি বলেন “ওই বাসায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের ছোড়া গুলিতে ও হামলায় তারা আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।”
আহত রঞ্জন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আর রাজেশ চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে।
বাড়ির অন্য এক সদস্যের বরাত দিয়ে ওসি মাজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর পৌনে ৪টার দিকে জানালার গ্রিল কেটে অন্তত তিনজন ডাকাত ওই বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গেলে তিন ভাই-বোনকে ডাকাতরা এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে।”
এরইমধ্যে আশপাশের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা কোনো কিছু না নিয়েই পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।
হামলাকারীদের সবাই মুখোশ পরে ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
আরজতপাড়ার তিন কক্ষের ওই বাসায় তিন ভাই-বোন ছাড়াও তাদের মা এবং রাজেশের স্ত্রী ও এক সন্তান থাকে।
মা রেখা তেরেজা ডি’ক্রুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও বিপাশা এক ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন রাজেশ ও স্ত্রী-সন্তান। অন্য ঘরে ঘুমাচ্ছিলেন রঞ্জন।
“ওরা ড্রইং রুমের জানালার গ্রিল কেটে এসে আমাদের ঘরে ঢুকে পড়ে। বিপাশা টের পেয়ে চিৎকার দিলে তারা আমার মেয়ের মুখ চেপে ধরে। তখন ধস্তাধস্তির মধ্যে বিপাশার হাতে কোপ লাগে। ওরা বলে, ‘আমরা ডাকাত চিৎকার করবা না’।
“চিৎকার শুনে আমার দুই ছেলে বেরিয়ে এলে ড্রইং রুমে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা আমার দুই ছেলেকেও কোপায়। পিছিয়ে ব্যালকনিতে চলে যাওয়ার সময় তারা দুজনকেই গুলি করে। পরে ব্যালকনি দিয়ে টপকে নেমে যায়।”
বাসার টিভি খুলে নেওয়ার চেষ্টা হয়েছে বলে জানালেও রেখার সন্দেহ, নিছক ডাকাতির ঘটনা এটি নয়। খ্রিস্টান বলেই তাদের নিশানা করা হয়েছে।
“আমার এক ছেলে ব্যংকে ও আরেক ছেলে বেসরকারি চাকরি করে, আমাদের ওপর কেন হামলা হল? এতো সম্পদ তো আমাদের নেই! আমাদের সন্দেহ হচ্ছে আমরা খ্রিস্টান বলেই এই হামলা হয়েছে। আমি সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি।”
ঘটনাস্থল ঘুরে ব্যালকনির দেওয়াল ও মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ এবং বাসার বাইরে পাশের ভবনের দেওয়ালে রক্তমাখা হাতের বেশ কয়েকটি ছাপ দেখা যায়।
ওসি মশিউর রহমান বলেন, “সম্ভবত ডাকাতরা পালানোর সময় পাশের বাড়ির দেওয়ালে হাতের রক্তের দাগ মুছতে মুছতে গেছে। ডাকাতরা ওই বাড়ির পশ্চিম দিকের গলি দিয়ে দেওয়াল টপকে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
তিনি বলেন, বাড়ির ব্যালকনিতে গুলির খোসা এবং বাসার ভেতরে চাপাতি ও একটি রেঞ্জ পাওয়া গেছে। বাড়ির বাইরে পাওয়া গেছে রক্তমাখা একটি শার্ট।
এ ঘটনার খবর পেয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন।
পরিবারের সদস্যদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কৃষ্ণপদ রায় বলেন, “প্রাথমিকভাবে এ ঘটনা আমাদের কাছে দস্যুতা বলে মনে হয়েছে। তারপরও আমরা তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে দেখব।”
রাজেশদের বাসায় এই ঘটনার কিছুসময় আগে ওই এলাকার আরেক বাসায় (৫১ আরজতপাড়া) দরজা ভেঙে হামলার চেষ্টা হয়েছিল বলে স্থানীয়রা জানান।
ওই বাসার গৃহকর্তা চিকিৎসক এম কে বড়াল জানান, তার বাসার নিচতলাতে ভোরের দিকে দরজা ভেঙে ঢোকার চেষ্টা হয়েছে।
“আমার বাড়ির গৃহকর্মী টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
গত ১৮ ফেব্রুয়ারি রাজেশদের বাসার পাশে আরেক বাসায় ডাকাতি হয়েছিল। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
