২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে' বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অনুদান

‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল’-এ পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক কর্মসূচিতে প্রতিমন্ত্রী এ অনুদানের ঘোষণা দিয়ে জাদুঘর কর্তৃপক্ষের হাতে 'পাঁচ লাখ টাকার চেক' তুলে দেন।

'মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস' শীর্ষক সাত দিনব্যাপী এই কর্মসূচি চলছে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান অবস্থানে।

কর্মসূচির দ্বিতীয় দিনে কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেওয়ার আগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় শ্রেণিতে পড়া নসরুল হামিদ জাদুঘর নির্মাণে অনুদান দেওয়ার পর বলেন, "মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান দিতে পারা আমার জন্য বিশাল গর্বের ব্যাপার।"

কর্মসূচির দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ ছাড়াও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠ, দলীয় আবৃত্তি, দলীয় সঙ্গীত ও পথ-নাটক পরিবেশন করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে সরকারের বরাদ্দ করা এক একর জমির ওপর স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ছয়তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে।

আগামী বছর মার্চ মাসে জাদুঘরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।

সেগুনবাগিচায় বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম চলছে বাড়ি ভাড়া নিয়ে। পর্যাপ্ত স্থানের অভাবে সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের প্রায় ২২০০০ ‘সরঞ্জাম ও নিদর্শন’ প্রদর্শন করতে পারছেনা জাদুঘর কর্তৃপক্ষ।

ট্রাস্টি সারওয়ার আলী জাদুঘর নির্মাণে সবার সহায়তা কামনা করেন।

জনতা ব্যাংক এসটিডি হিসাব নং ৩৬০০০৪০৮ এবং ব্র্যাক ব্যাংক এসটিডি হিসাব নং- ১৫০১১০১৬৫৮৬৩৭০০১ -এ টাকা পাঠিয়ে অথবা সরাসরি সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এসে যে কেউ অনুদান দিতে পারবে বলে জানান তিনি।