ঢাকায় শেষ হল ‘প্রতিবন্ধিতা উত্তরণ’ মেলা
সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়নের প্রত্যাশা জানিয়ে শেষ হয়েছে আট দিনব্যাপী ‘প্রতিবন্ধিতা উত্তরণ’ মেলা।
২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গত ৩ ডিসেম্বর ঢাকার মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে এই মেলা শুরু হয়।
‘একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ স্লোগান নিয়ে শুরু হওয়া মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবন্ধীরা অংশ নেন।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ৩৪টি সংগঠন ও প্রতিষ্ঠান মেলায় স্টল দেয়, যেখানে প্রতিবন্ধীদের তৈরি শিক্ষা সামগ্রী, আসবাবপত্র, খেলনা, নকশী কাঁথা, পোশাক, খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্য রাখা হয়।
“মেলায় আগতরা বিভিন্ন জিনিস কিনে প্রতিবন্ধীদের উৎসাহিত করেছেন। এই উৎসাহ প্রতিবন্ধীদের সক্ষমতার দিক নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস,” বলেছেন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক খুরশিদ আলম চৌধুরী।
প্রতিদিন বিকালে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
মেলার শেষ দিনে আলোচনা সভায় তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার উল্ল্যাহ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের লিখন-শিক্ষণ পদ্ধতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মিরপুর-১৪ এর জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সুফিয়া হক, ‘অ্যা মডেল অফ স্পেশাল এডুকেশন’ শিরোনামে অপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী শিশুদের স্কুল প্রয়াসের অধ্যক্ষ মো. মোস্তাগাউসুর রহমান।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আরা সুরাত আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, সুইড বাংলাদেশ-এর মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম ফেরদৌস, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক আব্দুল্লা আল মামুন উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মেলার সমাপ্তি টানা হয়।
