‘নারীবাদ শুধু নারীর বিষয় নয়, পুরুষেরও’
নারীর অধিকার আদায়ের লড়াইয়ে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা।
রোকেয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পল্টনের মুক্তি ভবনে ‘বর্তমান প্রেক্ষাপটে রোকেয়ার স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান বক্তারা।
‘প্রীতিলতা ব্রিগেড’ আয়োজিত ওই অনুষ্ঠানে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, “নারীবাদ শুধু নারীর ব্যাপার নয়- পুরুষেরও।”
তিনি বলেন, “শব্দের ক্ষমতা আছে। নানা পুরুষতান্ত্রিক শব্দ নারীকে অবদমিত করে রাখে। রোকেয়া যেমন ‘স্বামী’ শব্দটির পক্ষপাতী ছিলেন না। নারীকে ‘অর্ধাঙ্গী’ বললে পুরুষকে ‘অর্ধাঙ্গ’ বলতে হবে।”
সম্প্রতি বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরিনের ‘সপ্তচূড়া’ জয়ের দিকে ইঙ্গিত করে গীতি আরা নাসরিন বলেন, “অনেকে এখনও নারীদের ‘অবলা’ বলছেন, অথচ নারীরা অবলীলায় দুর্গম পাহাড় বেয়ে চূড়ায় পদচিহ্ন রাখছে।”
নারী আন্দোলনে রোকেয়ার অনন্য ভূমিকা বর্ণনা করতে গিয়ে সোনিয়া নিশাত আমিন বলেন, “এখন পাশ্চাত্যেও রোকেয়া পড়ানো হয়। বিশেষ করে ‘সুলতানার স্বপ্ন’ রচনাটি পাশ্চাত্যের পণ্ডিতদেরও বিস্মিত করেছে।”
তিনি বলেন, “রোকেয়া ‘পর্দা’ ও ‘অবরোধ’ শব্দ দুটিকে আলাদাভাবে চিহ্নিত করেছেন। পর্দা কেবল নারীর জন্য নয়, বরং পুরুষের জন্যও প্রযোজ্য। কিন্তু তৎকালীন সমাজে অবরোধ প্রথা কেবল নারীদের জন্যই প্রযোজ্য ছিল।
“নারীকে দমিয়ে রাখার জন্য সর্বত্র নারীর ভূমিকাকে অদৃশ্য করে দেওয়া ও জ্ঞানের উপর নারীর অধিকার খর্ব করা হয়।”
অধ্যাপক এএন রাশেদা বলেন, “প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অনুপস্থিতিতেই উগ্রবাদীরা ঠাঁই করে নিচ্ছে। ধর্মের মানবিক অনুশাসন না মেনে কেবল লেবাসনির্ভর ধার্মিকতায় নারীরা কোণঠাসা হয়ে পড়ছেন।”
প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার আলোচনার সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে স্থপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক সাইয়্যেদা সুলতানা এনী, প্রীতিলতা ব্রিগেডের সংগঠক নাজনিন সুলতানা ফ্লোরা বক্তব্য দেন।
সভা সঞ্চালনা করেন প্রীতিলতা ব্রিগেডের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মৈত্রী ঘোষ।
