ওয়ারীতে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর নারিন্দায় মেস বাড়িতে আগুনে দগ্ধদের মধ্যে সুমন (৪০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সুমনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
ভোরে নারিন্দা মোড়ের ‘হা-মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলার মেস বাড়িতে আরও দুজনের সঙ্গে দগ্ধ হন সুমন। পুলিশ বলছে, মেসের ওই ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
শাকিব ও শহীদুল নামের অপর দুইজনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সুমনের বাড়ি মুন্সিগঞ্জে। ঢাকার ধোলাইখালে তার লেদ মেশিনের দোকান রয়েছে। শাকিব ও শহীদুলও ধোলাইখালে কাজ করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
মারা যাওয়ার আগে সুমন পুলিশকে জানিয়েছিলেন, তার দোকানের সাবেক দুই কর্মচারী সোহাগ ও রাজীব এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সোহাগ ও রাজীব একই মেসে থাকেন। ঘটনার পর থেকে পুলিশ তাদের খুঁজছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “কর্মচারী হিসেবে সুমন মাঝে মধ্যে সোহাগ ও রাজীবকে বকাঝকা দিতেন। তাছাড়া দুজনের কাছেই সুমনের কিছু টাকা পাওনা রয়েছে। সুমন হাসপাতালে আমাদের বলেছিলেন, ওই দুজনই বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।”
