পৌর ভোট: তিন সাংসদকে নোটিস দিচ্ছে ইসি
পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে কারণ দর্শাতে নোটিস দিচ্ছে নির্বাচন কমিশন।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলকে শো’কজ করা হচ্ছে।”
এই তিন সংসদ সদস্যকে তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য ইসিকে জানাতে হবে।
দলভিত্তিক পৌর নির্বাচনে মনোনয়ন বাছাই শেষ হওয়ার পর আচরণবিধি নিয়ে কঠোর এই উদ্যোগ নিল নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে আসার পর তাদের নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইসি সচিব জানান, এসব অভিযোগে সোমবার আরও কয়েকজন সাংসদকে তারা নোটিস পাঠাবেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এর আগে বিকালে সাংবাদিকদের বলেন, যিনি আচরণ বিধি লঙ্ঘন করবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
“আপনারা আইন প্রণেতা, আপনারা আইন ভাঙবেন না। এমন কিছু করবেন না যাতে আমরা অপ্রস্তুত ও বিব্রতকর অবস্থায় পড়ি।”
সিরাজুল ইসলাম জানান, মন্ত্রী, এমপিসহ সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে স্মরণ করিয়ে দিতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগেও আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে। স্পিকারের মাধ্যমে সংসদ সচিব ও মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সংসদ সদস্য এবং মন্ত্রীদের অবহিত করবেন।
“কয়েকজন সাংসদ আচরণবিধি লঙ্ঘন করেছেন, ভবিষ্যতে এ আচরণবিধি যাতে লঙ্ঘন না করে সে বিষয়ে অবহিত করার প্রয়োজনী নির্দেশনা দিতে ইসির সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া অনুরোধ করা হল,” লেখা হয়েছে ওই চিঠির খসড়ায়।
ইসির সহকারী সচিব রাজীব আহসান বলেন, “রোববার রাতেই সংশ্লিষ্ট চিঠিগুলো পাঠিয়ে দেওয়া হবে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে ২৩৪ পৌরসভায়। এর মধ্যে মেয়র পদে ২০টি দল প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থী সাত শতাধিক ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে পাঁচ শতাধিক।
