সাত খুন: অধিকতর তদন্ত নিয়ে আদেশ বুধবার
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা এক মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবে হাই কোর্ট।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করে দেয়।
এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা নারাজি আবেদন নিম্ন আদালতে খারিজ হলে ২৩ নভেম্বর হাই কোর্টে আবেদন করেন তিনি।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
এর আগে গত রোববারের শুনানিতে মামলার অভিযোগপত্রে ‘ত্রুটি রয়েছে’ বলে আদালত পর্যবেক্ষণ দিলেও অধিকতর তদন্তের ফাঁকে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে গুরুত্ব দেয় হাই কোর্ট।
অভিযোগপত্র হয়ে যাওয়ার পর অধিকতর তদন্তের সুযোগ আছে কি না, তার আইনগত দিকও আদালত দুপক্ষকে দেখে আসতে বলে ৬ ডিসেম্বর শুনানির দিন রাখে।
শুনানিতে বাসেত মজুমদার বলেন, ওই ঘটনায় দুটি মামলায় পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে একটিতে নারাজি আবেদন করা হয়। এজাহারে রাজু ও আনোয়ারের নাম থাকলেও অভিযোগপত্রে তাদের বাদ পড়েছে।
আদালত বলে, ফৌজদারি কার্যবিধির ১৬১ ও ১৬৪ ধারায় আসামিদের দেওয়া জবানবন্দিতে যদি কারো নাম আসে এবং সেগুলো অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে আমরা বলতে পারতাম যে তদন্ত যথাযথ হয়নি। কিন্তু জবানবন্দিতে যেসব নাম এসছে সেগুলো অভিযোগপত্রে দেখা যাচ্ছে। বাদীর চাহিদামতো সব কিছু হতে হবে- তা ‘নট নেসেসারি’। যথেষ্ট তথ্য-উপাত্ত না পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা কীভাবে একজনের নাম অন্তর্ভুক্ত করবে?
বাসেত মজুমদারকে উদ্দেশ্য করে আদালত বলে, “অভিযোগপত্রের কোথায় যড়যন্ত্রের বিষয়টি উল্লেখ আছে? সেকশন উল্লেখ নেই- সেদিন আমরা এটাই বলতে চেয়েছিলাম।”
বাসেত মজুমদার বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্রে অনেকে জড়িত থাকতে পারে। নূর হোসেন তদন্তের সময় অনুপস্থিত থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অধিকতর তদন্তের আদেশ দেওয়া হলে মূল হোতাদের বের করা সম্ভব হতে পারে।
পরে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান বলেন, নারাজি আবেদন খারিজ করে ম্যাজিস্ট্রেট ও সেশন জজ যে আদেশ দিয়েছে তাতে দরজা ‘ওপেন’ রয়েছে। কারণ আদেশে বলা হয়েছে, তথ্য-উপাত্ত পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা সম্পূরক অভিযোগপত্র দিতে পারবে।
“তাই অধিকতর তদন্তের নামে বিচার বিলম্বিত করার সুযোগ নেই।”
দুপক্ষের বক্তব্য উপস্থাপনের পর আদালত বলেন, শুনানি শেষ হল, ৯ ডিসেম্বর আদেশের জন্য রাখা হল।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও তার চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককে অপহরণের পর হত্যা করা হয়।
তখন নজরুলের স্ত্রী সেলিনা নারায়ণগঞ্জের আরেক কাউন্সিলর নূর হোসেনসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। সেই সঙ্গে র্যাবের কর্মকর্তাদেরও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তোলে নজরুলের পরিবার।
তদন্তে র্যাবের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ উঠে আসার পর দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচনায় ওঠে এই হত্যাকাণ্ড।
প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন ও র্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ, যাতে বাদ পড়েন এজাহারের পাঁচ আসামি।
এজাহারভুক্ত আসামিদের বাদ দেওয়ায় অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন বাদী সেলিনা। নারায়ণগঞ্জের আদালত তা খারিজ করে দেওয়ার পর হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
তালিকা থেকে বাদ পড়া এই পাঁচ আসামি হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিনুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেন।
এই হত্যাকাণ্ডের পর হাই কোর্টের নির্দেশেই র্যাবের তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রশাসন তদন্ত কমিটিও করে আদালতের নির্দেশে।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে অন্যান্য আসামিদের সঙ্গে সোমবার জেলা জজ আদালতে হাজির করা হয়।
র্যাবের সার্জেন্ট এনামুল কবীর, এএসআই কামাল হোসেন, কর্পোরাল মোখলেছুর রহমান, সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন মুন্সী, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান পলাতক।
এছাড়া নূর হোসেনের সহযোগী বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার সেলিম ভারতের কারাগারে আটক রয়েছেন।
নিহত অন্যরা হলেন- নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।
তদন্তে উঠে এসেছে, সেদিন দুপুরের পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুলকে অপহরণের পরিকল্পনা হয়েছিল। কিন্তু দেখে ফেলায় চন্দন সরকার ও তার গাড়িচালককেও তুলে নেওয়া হয়।
