বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে ‘অন্তরের যোগ’
বাংলা একাডেমি প্রতিষ্ঠার ষাট বছর পূর্তি উৎসব উপলক্ষে একাডেমির রবীন্দ্র চত্বরে পড়ন্ত বিকালে এক আড্ডায় মিললেন বাংলা সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের শীর্ষস্থানীয় অনেকে, যেখানে ‘অন্তরের যোগ’ খুঁজে পেলেন পশ্চিমবঙ্গ থেকে আসা লেখক বারিদবরণ ঘোষ।
অনেক দিনের জমানো কথা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে বয়ে চলা এই আড্ডায় যোগ দিয়েছিলেন রাজনীতিকরাও। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশ কিছু তরুণ-তরুণীরও ছিল সরব উপস্থিতি।
পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্রের সঙ্গে দীর্ঘক্ষণ চুটিয়ে আড্ডা দিতে দেখা যায় কবি ও সাংসদ কাজী রোজীকে।
শাঁওলী মিত্রকে দেখেই এগিয়ে গিয়ে তিনি বলেন, “একাত্তরে কলকাতায় আপনার মা তৃপ্তি মিত্রের একক মঞ্চ-নাটক ‘অপরাজিতা’ দেখেছি।”
এরপর ঘুরেফিরে বেশ কিছুক্ষণ তৃপ্তি মিত্রকে নিয়ে তাদের কথা হয়।
বেলা সাড়ে ৩টার পর শুরু হওয়া এই আড্ডায় এসে ষাটের দশকের স্মৃতিচারণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
“আমরা যখন বাংলা একাডেমিতে আসতাম, তখন বাংলা একাডেমির মূল চরিত্রটা ঠিক বুঝতাম না। তবে এখানে এসে গান গাইতাম, আড্ডা দিতাম। নানা সাংস্কৃতিক কাজ করতাম। এখানে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলনের ছক আঁকতাম। এই চত্বর ছিল আমাদের জন্য সবর্দা উন্মুক্ত,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র।
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবে বাংলা ভাষা চর্চাকে এগিয়ে নিতে এখন বাংলা একাডেমিকে নিয়ে ‘স্বপ্ন’ দেখেন বলে জানান তিনি।
“ফ্রাঙ্কফুর্ট বইমেলার সঙ্গে আমরা একটা সংযোগ স্থাপন করতে চাই। আগামী বইমেলায় তাদেরকে আনতে চাই। এখানে আসার পর তাদের সঙ্গে চুক্তিও করতে চাই।”
বারিদবরণ ঘোষ বলেন, “বাংলা একাডেমির কাজের সঙ্গে আমার পরিচয় বহু বছর। কিন্তু এই একাডেমিতে এর আগে কখনোই আসা হয়নি। মনটা প্রায়ই আসব আসব করত। তিন বছর আগে আসার জন্য একটা উদ্যোগও নিয়েছিলাম। তখন ঢাকার অবস্থা দেখে আর আসা হয়নি।
“এবার সেই আশা পূরণ হল, এদের যে উদ্যোগ, আন্তরিকতা সেটা অনন্য। পশ্চিমবঙ্গে দেখেছি, সরকারি ব্যাপার মানেই আমলাতান্ত্রিক একটা ব্যাপার, একটা জটিলতা। এখানে সেটা পাইনি। এখানে অন্তরের যোগটাই বেশি।”
বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বলেন, “বাংলা একাডেমির বই দেখতাম। বিপণন দেখতাম। এবার দেখলাম- কেবল বই প্রকাশ ও বিক্রি নয়, মানুষের অন্তরের সঙ্গে সংযোগ করিয়ে দেওয়ার চেষ্টা এখানে অনেক বেশি।
“এটাকে সুন্দর বললে সেটা ঠিক হবে না। রবীন্দ্রনাথও বলেছিলেন, এ রকম সুন্দরকে অনুপম বলতে। এটা অনুপম। মনে হচ্ছে, একটা অনুপম জায়গায় এসেছি।”
শাঁওলী মিত্র বলেন, “ঢাকায় এর আগে এসেছিলাম অভিনেত্রী হিসেবে। কিন্তু বাংলা একাডেমিতে কখনও আসা হয়নি। এসে সব মিলিয়ে অনেক ভালো লাগছে।
“বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের জন্য একইসঙ্গে আমাদের কষ্ট হয় এবং গর্বও হয়।”
নিজের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলা একাডেমির তুলনা বিষয়ে এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি বলেন, “বাংলা একাডেমি অনেক বড় প্রতিষ্ঠান, অনেক দিনের প্রতিষ্ঠান। তবে তুলনামূলক বিশ্লেষণটা এখনই করা যাবে না। এক ঘণ্টা, দুই ঘণ্টায় করা সম্ভব না।”
সেই আড্ডায় বসে একটি মন্তব্যের খাতায় স্বাক্ষর করেন আনিসুজ্জামান। সেখানে তিনি লেখেন, “বাংলা একাডেমির হীরকজয়ন্তীতে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। একাডেমির উদ্বোধনের দিনে আমি যে উপস্থিত ছিলাম, তা বিরল সৌভাগ্য বলে মানছি।”
এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, লেখক-কলামনিস্ট গোলাম মুরশিদ, বিচারপতি কাজী এবাদুল হক, ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, অধ্যাপক এবিএম হোসেন, ড. মনিরুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম, অধ্যাপক নিয়াজ জামান, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ড. বিপ্লব বালা, পশ্চিমবঙ্গের খ্যাতনামা চিত্রসমালোচক প্রণবরঞ্জন রায়, মোনায়েম সরকার, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, অধ্যাপক শাহীনুর রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, অধ্যাপক মনসুর মুসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেনিন, ভাষাবিজ্ঞানী জামিল চৌধুরী উপস্থিত ছিলেন।
