প্রার্থিতা দাখিলে বাধার অভিযোগ ‘পুরো’ সত্য নয়: ইসি
আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ এলেও তা ‘পুরোপুরি’ সত্য নয় বলে দাবি করেছেন একজন নির্বাচন কমিশনার।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে ধরনের ‘ঝামেলা’ হয়নি।
দলীয়ভাবে মেয়র পদে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে বিএনপিসহ অন্তত ২২টি দল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন, যাদের অনেকেই দল থেকে মনোনয়ন না পেয়ে প্রার্থী হয়েছেন।
২৩৫ পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৩ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়।
কয়েকটি জায়গায় বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষের বাধার সম্মুখীন হচ্ছেন- এমন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “ভোট অবাধ, নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার, আমরা করে যাচ্ছি।
“দুয়েকটি জায়গা থেকে খবর এসেছে মনোনয়নপত্র জমা দিতে প্রতিপক্ষ বাধা দিচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিষয়গুলো সম্পূর্ণ সত্য নয়।”
চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের রাউজানে এমন অভিযোগের বিষয়ে নিজে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন জানিয়ে এই কমিশনার বলেন, “প্রকৃতপক্ষে সে ধরনের কোনো ঝামেলা হয়নি। অভিযোগগুলো পুরোপুরি সত্য আমি বলব না, হয়ত সামান্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”
তিনি বলেন, মনোনয়নপত্র জমা দিতে কেউ যেন বাধার সম্মুখীন না হন- সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
“আমরা আশা করছি, এ ধরনের বাধা সৃষ্টি হবে না। সবাই সুন্দরভাবে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।”
শাহনেওয়াজ বলেন, “যারা অভিযোগ করেছেন, তাদের বিষয় দেখেছি। কেউ কেউ শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করে যাচ্ছেন। আবার কিছুটা সত্যতাও রয়েছে। এখন (দুপুর) পর্যন্ত আর কোথাও অসুবিধা হচ্ছে বলে জানা নেই।”
তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই আইনানুগভাবে ও সঠিকভাবে করবেন রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের সময় প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিত থাকার বিধান রয়েছে।
“অস্বাভাবিক কিছু ঘটনার কারণ নেই। কেউ বাদ পড়লে আপিল করার বিধান রয়েছে। আপিলের পরেও ইসির ক্ষমতা রয়েছে।”
রাজশাহীর নওহাটী ও কাটাখালী পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয় পবা উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। সেখানে ঢোকার পথে সবাইকে পড়তে হয় পুলিশের তল্লাশির মুখে।
ইতোমধ্যে আসন্ন এই নির্বাচন নিয়ে সমালোচনার পাশাপাশি ইসির প্রতি আস্থাহীনতার কথাও জানিয়েছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি।
সব দলকে আস্থায় নিতে কী উদ্যোগ রয়েছে- জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, “দল, প্রার্থী সবাইকে সমান সুযোগ দিতেই আচরণবিধি করেছি। সেভাবে এগিয়ে যাচ্ছি।
“নির্বাচনটা হওয়ার আগেই যদি কোনো দল অসন্তোষ ও অবিশ্বাস তৈরি করে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ইসির প্রতি আস্থা রেখে তাদের সুবিধা-অসুবিধা জানাতে হবে।”
তিনি বলেন, দলগুলো ইসিকে কোনো বিষয়ে অবহিত করলে প্রত্যেকের প্রতি ‘সমান সুবিচার’ নিশ্চিত করা হবে।
প্রার্থীরা ৯ ডিসেম্বর থেকে প্রতীক ছাড়া বাড়ি বাড়ি গিয়ে প্রচারে যেতে পারবেন। আর প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন ১৪ ডিসেম্বর।
শাহনেওয়াজ বলেন, “ভোটের ২১ দিন আগে কোনো প্রচার নয়। কেউ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেব না, এটা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি।”
মনোনয়নপত্র জমা দিতে মিছিল, শোডাউন ও ৫ জনের বেশি লোক নিয়ে আসায় নিষেধাজ্ঞা রয়েছে আচরণবিধিতে।
অনেক এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও নির্বাচন কমিশনে বিকাল পর্যন্ত এ নিয়ে বড় ধরনের অভিযোগ আসেনি বলে জানান ইসি কর্মকর্তারা।
