২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 01:10 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বুধবার সারা দেশে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটের বস্তা ব্যবহার না করায় এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৪টি মামলা দায়েরের পাশাপাশি প্রায় পাঁচ লাখ ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে এসব ভ্রাম্যমাণ আদালত।

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। গত সোমবার থেকে সারা দেশে এ অভিযান শুরু হয়েছে।

বুধবার ঢাকার নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমও এ সময় নিউ মার্কেটের চালের আড়ত পরিদর্শন করেন।

ওই ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে শতভাগ পাটের বস্তা ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

চাতাল মিল মালিকরা পাটের ব্যাগ ব্যবহার না করলে খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে এবং আমদানি ও রপ্তানিতে পাটের ব্যাগ ব্যবহার না করলে আইআরসি বা ইআরসি বাতিল করবে বাণিজ্য মন্ত্রণালয়।