২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজপাড়ায় গেয়ে মুগ্ধতা ছড়ালেন ফরিদা পারভীন

সচরাচর টেলিভিশন স্টুডিও এবং দেশি-বিদেশি খ্যাতনামা বিভিন্ন স্থানে গাওয়া বাউল শিল্পী ফরিদা পারভীন অজপাড়াগাঁওয়ের এক আসরে গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 02:11 AM

Updated : 12 Oct 2022, 04:35 PM

রোববার টাঙ্গাইলের নাগরপুর থানার প্রত্যন্ত দপ্তিয়র গ্রামে বাউল গানের এক আসরে গান তিনি।

আধ্যাত্মিক সাধক মীর বহর সাজেদুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

কয়েক কিলোমিটার কাচামাটির ভাঙা-চোরা রাস্তা পেরিয়ে ফরিদা পারভীন যন্ত্রসঙ্গীতের দলসহ বিকাল ৩টায় পৌঁছান দপ্তিয়রে, যেখানে এখনও জ্বলেনি বিদ্যুৎ বাতি।  

বিকাল ৫টার দিকে মঞ্চে উঠে গান শুরু করেন লালনগীতির জনপ্রিয় এই গায়িকা। ‘আমি অপার হয়ে বসে আছি’ দিয়ে প্রায় হাজার দশেক শ্রোতার সামনে শুরু হয় তার পরিবেশনা।

প্রায় দেড় ঘণ্টা বাউল সম্রাট লালনের নানা গান গেয়ে ‘মিলন হবে কতো দিনে আমার মনের মানুষেরও সনে’ দিয়ে আসর ভাঙেন তিনি। তার পরিবেশনার পুরোটা সময় গভীর মনোযোগের সঙ্গে গান উপভোগ করেন শ্রোতারা।

গান শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কথার ফাঁকে ওই এলাকার সড়কের বেহাল অবস্থা নিয়ে কথা বলেন শিল্পী। রাস্তা চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ফরিদা পারভিনের গানের আগে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান। গ্রামবাংলার লোকগানের প্রচার ও প্রসারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভেদাভেদহীন সমাজের মন্ত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে কবি হাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার বক্তব্য দেন।

বাউল সঙ্গীতের মর্মবস্তুকে ধারণ করে সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।