২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ার উৎপাদন: জামিন নিলেন বাবুল দম্পতি

বেআইনিভাবে বিয়ার উৎপাদন ও বাজারজাতকরণের মামলায় যমুনা গ্রুপের কর্ণধার নূরুল ইসলাম বাবুল, তার স্ত্রী ও ছেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

গত ১৭ নভেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবদুর রহমান সরদার মঙ্গলবার তাদের হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।

নথিপত্র ঘেটে দেখা গেছে, প্রায় ১১ বছর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি হয়েছিল।

তবে হাই কোর্টের স্থগিতাদেশের কারণে বন্ধ ছিল মামলার কার্যক্রম।

সংশ্লিষ্ট আদালতের পেশকার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর বিচারক আগামী ২৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন রেখেছেন।

বেআইনিভাবে উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ২০০৪ সালের ৮ মার্চ যমুনা গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স ক্রাউন বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আজাদুল ইসলাম ছালাম মামলাটি করেন।

ক্রাউন বেভারেজের কারখানা গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে।

ওই মামলা দায়েরের ২৩ দিন পর ৩১ মার্চ শামীম ইসলামসহ বেভারেজ প্রতিষ্ঠানটির পরিচালক নূরুল ইসলাম, পরিচালক সালমা ইসলাম ও মহাব্যবস্থাপক মো. সুরোজ রহমান শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

তবে মামলা দায়েরের পর ওই বছরই মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে হাই কোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের কারণে মামলার কার্যক্রম বন্ধ ছিল। 
ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিট আবেদনে দাবি করা হয়, হান্টার ও ক্রাউন পানীয়তে শতকরা ৫ ভাগের কম অ্যালকোহল রয়েছে। সে কারণে তাদের পণ্য মাদক নয়।

এছাড়া মামলাটির বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে চলার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয় রিটে।

শুনানি শেষে গত ৪ অগাস্ট স্থগিতাদেশ খারিজ করে দেয় হাই কোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। 

আসামি মো. সুরোজ রহমান শেখ জামিন নিয়ে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করা হয়েছে।