২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২ বছরেও কেন মামলা নিষ্পত্তি হয়নি: হাই কোর্ট

বগুড়ায় একটি ট্রাক থেকে ৪৫ হাজার গুলি ও ৮৪ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলাটি ১২ বছরেও নিষ্পত্তি না হওয়ার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

২০০৩ সালের এই মামলাটি চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ তদন্ত করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে।

এক আসামির জামিন আবেদন শোনার সময় মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ মামলাটির বিষয়ে এসব নির্দেশনা দেয়।

আদেশে বলা হয়, মামলাটি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ কী, এক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি আইনজীবী বা কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

তবে আলোচিত এই মামলার আসামি ট্রাকমালিক আশিস দেব বর্মনকে জামিন দেয়নি হাই কোর্ট।

তার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে।

নথিপত্রে দেখা যায়, ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার একটি ট্রাক থেকে চাইনিজ রাইফেলের ৪৫ হাজার গুলি এবং ৮৪ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। পরদিন কাহালু থানায় অস্ত্র আইনের ১৯(চ) ধারায় মামলাটি হয়।

এ মামলায় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

আসামি আশিস বর্মন চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিচারিক আদালতে তিনি জামিনের আবেদন করলেও তা নাকচ হয়। এরপর গত ১০ নভেম্বর তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেন।

ওই জামিন আবেদনের শুনানিতে মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দিয়ে উচ্চ আদালতের আদেশ আসে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি বর্তমানে বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এ বিচারাধীন। ২৫ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক রয়েছে।

এই মামলায় ২৯ জন সাক্ষীর অধিকাংশের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী মামুন মাহবুব।