অপরাধ তামাদি হয় না: অ্যাটর্নি জেনারেল
৪৪ বছর আগের অপরাধের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের ফাঁসিতে ঝোলার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, সময় গড়ালেও অপরাধ তামাদি হয় না।
“একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, অপরাধ একটা করে দিন পার হয়ে গেলেই অপরাধ দায়মুক্ত হয়ে যাবে তা না; তার বিচার হবেই,” দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় বলেছেন তিনি।
রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকরের পর প্রতিক্রিয়া জানতে চাইলে দুপুরে সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, “সমস্ত জাতি যে রকম স্বস্তি বোধ করেছে, সেরকম আমরাও স্বস্তি বোধ করছি।”
তবে এই অপরাধের বিচারের জন্য রাজনৈতিক বিষয়টি যে বড়, সেটাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল, যিনি আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হয়েছিলেন।
একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নকারী মুজাহিদ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে প্রভাবশালী রাজনীতিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
মুসলিম লীগ থেকে জাতীয় পার্টিতে এসে এরশাদ আমলে মন্ত্রী হয়েছিলেন সালাউদ্দিন কাদের। পরে এনডিপি হয়ে বিএনপিতে এসে মন্ত্রীর মর্যাদায় খালেদা জিয়ার উপদেষ্টাও হয়েছিলেন। ছয়বার এমপি হন তিনি।
সালাউদ্দিন কাদের ও আলী আহসান মুজাহিদ
স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মন্ত্রী করা হয়েছিল খালেদা জিয়া সরকারে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর দেশবাসীর দীর্ঘদিনের দাবি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। তার ধারাবাহিকতায় এনিয়ে চার যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হল।
মাহবুবে আলম বলেন, “আজ আমার মনে হয়, এই সরকার যদি ক্ষমতায় না থাকত, আজকে এই বিচারকাজও সম্পন্ন করা হত না। দণ্ড কার্যতকর করাও হয়ত সম্ভব হত না।
“কাজেই যে কোনো একটা বিচারের ক্ষেত্রে রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিভাবে যারা ক্ষমতায় আছেন, তাদের চরিত্র কী রকম, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়।”
বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আজকে সারা জাতি যেখানে স্বস্তির কথা বলছে, সেখানে একটি রাজনৈতিক দল, তারা আগে ক্ষমতায় ছিল, তাদের নেতা-নেত্রীদের যে বক্তব্য, সেটা আমাদের খুব ব্যথিত করে।
মাহবুবে আলম বেরিয়ে আসছেন সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ শুনানির পর (ফাইল ছবি)
“সেই দলটি যদি আজকে ক্ষমতায় থাকত, তাহলে কিন্তু এই বিচারও হত না, দণ্ডও কার্যরকর হত না। এটি আমি বিশ্বাস করি।”
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি চলছে আপিল বিভাগে, যে শুনানিতে রাষ্ট্রপক্ষে সক্রিয় রয়েছেন অ্যাটর্নি জেনারেল।
তিনি আশা করেন, ডিসেম্বরের মাঝামাঝিতে সুপ্রিম কোর্টে অবকাশের আগেই এই শুনানি শেষ হবে।
“আসামিপক্ষের বক্তব্যের পরে আমার বক্তব্য। আমি খুব বেশি সময় নেব না। তাতে শেষ না হলে বন্ধের পরে হবে।”
নিজামীর পর মীর কাসেম আলীসহ অন্যদের আপিল শুনানি আসবে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ আবেদন করবেন বলে জানান মাহবুবে আলম।
“সাঈদীর মামলায় আসলে তিনটি রায় হয়েছে। তিনজন বিচারপতি একটি রায় দিয়েছেন, একজন বিচারপতি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, একজন বিচারপতি তাকে খালাস দিয়েছেন। সব রায় না লেখা পর্যন্ত এগুলো তো প্রকাশিত হবে না। প্রকাশিত হওয়ার পর পরই আমার কাজ হবে রিভিউ ফাইল করা।”
