নির্যাতিতদের স্বস্তি, সাকার সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরে সন্তোষ জানিয়ে একাত্তরে চট্টগ্রামে নির্যাতিত ও তাদের স্বজনরা বলেছেন, তার ফাঁসির মধ্য দিয়ে ৪৪ বছর ধরে ‘বুকে চেপে বসা জগদ্দল পাথর’ নেমে গেছে।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ‘ত্রাস’ সাকার ফাঁসির মাধ্যমে চট্টগ্রাম ‘অভিশাপ’ মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন তারা।
রোববার রাতে প্রথম প্রহরে ফাঁসি কার্যকরের পর সাকা চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী, একাত্তরে সাকা চৌধুরী ও তার দোসরদের হাতে নির্যাতিত এবং স্বজন হারানো পরিবারের সদস্যরা এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
একাত্তরে চট্টগ্রামের হাটহাজারীতে শেখ মো. মোজাফ্ফর ও তার ছেলে শেখ মো. আলমগীরকে হত্যা করেছিলেন সাকা চৌধুরী ও তার সহযোগীরা।
মোজাফ্ফরের ছেলে শেখ মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৪ বছর ধরেই বাবা-ভাই হত্যার বিচার হোক, সব সময় কামনা করে এসেছি। মনেপ্রাণেই চেয়েছি তার ফাঁসি হোক।”
ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ করতে না পারে সেক্ষেত্রে এ বিচার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভভন গুডস হিলে একাত্তরে নির্যাতিত রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি নিজাম উদ্দিন বলেন, “শেষ পর্যন্ত সে বাঁচতে পারল না। দম্ভোক্তি করে অনেক কিছুই বলেছিল সে। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, দেশের সংস্কৃতি নিয়ে সে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। এটাই তার শেষ পরিণতি ছিল।
“এ দণ্ড কার্যকরে আমি একাত্তরে নির্যাতিত, শহীদদের স্বজনসহ দেশের সকল মানুষ খুশি।”
তবে এখানেই শেষ নয়, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করার দাবি জানান তিনি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের ঔদ্ধত্য নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান নিজাম উদ্দিন।
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে আরেক সাক্ষী কাজী নুরুল আবছার মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অবশ্যই খুশি। একাত্তরে তার ওপর হামলা চালিয়েও তাকে মারতে পারিনি।
“তার বিচার না হওয়ায় জাতি এতদিন এক জগদ্দল পাথরের চাপে ছিল। শুধু চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া নয়, সমগ্র বাংলাদেশের মানুষ এক বিরাট অভিশাপ থেকে মুক্তি পেল।”
২০১১ সালের ১২ এপ্রিল একাত্তরে টর্চার সেল হিসেবে পরিচিত চট্টগ্রামে সাকা চৌধুরীর পারিবারিক বাসভবন গুডস হিলে যায় ট্রাইব্যুনালের তদন্ত দল।
২০১১ সালের ১২ এপ্রিল ট্রাইব্যুনালের সাক্ষী ম. সলিমুল্লাহ তদন্ত দলের সদস্যদের গুডস হিলের গ্যারেজে নিয়ে গিয়ে নির্যাতনের স্থান দেখাচ্ছেন, যেখানে একাত্তরে হিন্দুদের ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে নির্যাতন করতেন সাকা চৌধুরী।
একাত্তরের টর্চার সেল গুডস হিলকে মুক্তিযুদ্ধের জাদুঘর বানানোর দাবি করেন তিনি।
একাত্তরে গুডস হিলে সাকা চৌধুরীদের বাড়ির গ্যারেজে নির্যাতনের শিকার ম. সলিমুল্লাহ বলেন, “৪৪ বছর ধরে অপেক্ষায় ছিলাম এ শাস্তির জন্য।”
৭২ বছর বয়সী সলিমুল্লাহ বলেন, “এক সময় মনে করেছিলাম, এ দণ্ড কার্যকর দেখে যেতে পারব না। হয়তো একাত্তরে গুডস হিলের গ্যারেজেই আমার জীবন শেষ হয়ে যেতে পারত। আল্লাহর কাছে হাজার শোকর তার সর্বোচ্চ শাস্তি দেখে যেতে পেরেছি।
“ঔদ্ধত্যকারী সাকা চৌধুরীর এই দণ্ড কার্যকরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেউই বিচারের ঊর্ধ্বে নয়।”
রাজাকার সাকা চৌধুরীর ছেলেদের দাম্ভিকতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তাদের নাগরিকত্ব বাতিল করার পাশাপাশি গণি বেকারির টর্চার সেল গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করতে হবে।”
