বাবার আত্মা শান্তি পাবে: প্রফুল্ল
একাত্তরে যিনি চট্টগ্রাম অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় ‘খুশি’ রাউজানের কুণ্ডেশ্বরীর শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ।
রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই বিএনপি নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রফুল্ল বলেন, “আমরা সন্তুষ্ট।”
সাকা চৌধুরীকে যে চারটি অভিযোগে আদালত মৃত্যুদণ্ড দেয় তার মধ্যে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার ঘটনাও রয়েছে।”
১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে গহিরায় কুণ্ডেশ্বরীতে নিজের বাড়ির মন্দিরের সামনে খুন হন নূতন চন্দ্র। পাকিস্তানি বাহিনীকে সঙ্গে সালাউদ্দিন কাদের নিজেই সেদিন নূতন চন্দ্রকে গুলি চালিয়েছিলেন বলে এ মামলার বিচারে উঠে আসে।
আদালতের রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে চুয়াল্লিশ বছরের অপেক্ষার অবসান হয়েছে মন্তব্য করে সত্তরোর্ধ প্রফুল্ল বলেন, “আমার বাবার আত্মা শান্তি পাবে। আমাদের পরিবারের সকল সদস্য সন্তুষ্ট।”
নূতন চন্দ্র সিংহকে হত্যা ছাড়াও সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের চার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় আদালত।
আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর সাকা রিভিউ আবেদন করলে গত মঙ্গলবার তা খারিজ হয়ে যায়। এরপর শনিবার এই যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে তাও নাকচ হয়ে যায়।
