২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 01:33 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শনিবার সকাল সাড়ে ১১টায় সেনা বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ।

তিনি বলেন, বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।”

“মুক্তিযুদ্ধের মতো দেশের যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী নিবেদিত থাকবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে ১৯৭১ সালের ২১ নভেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। এরপর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো শনিবার বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।