গরম পানি ঢেলে স্বামীকে ঝলসানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
রাজধানীর কল্যাণপুরে এক গৃহবধূ গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত রাজা মোল্লা (৩৩) সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করেন। শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান।
রাজার স্বজনরা বলছেন, ঘটনার পর থেকে তার স্ত্রী সেলিনা (২৫) পলাতক।
আহতের ভাই রাজিব মোল্লা জানান, স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে রাইসাকে নিয়ে কল্যাণপুরের একটি বাসায় ভাড়া থাকেন রাজা।
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোরে ওই বাসা থেকেই আহত রাজাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রাজিব।
তিনি বলেন, “ওর মুখ ও কোমরের নিচের অংশ গরম পানিতে ঝলসে গেছে। কিছুই বলতে পারছে না।”
রাজিব জানান, রাজা ও সেলিনার দশ বছরের সংসার। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
“দুই জনের মধ্যে অন্য কাউকে নিয়ে ঝামেলা হতে পারে। এ কারণে এই ঘটনা বলে আমরা সন্দেহ করছি।”
তবে এই সন্দেহের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি রাজার ভাই।
