২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার দেখা পেতে কারাগারে যাচ্ছে পরিবার

ফাঁসির আসামি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 01:59 PM

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরের আগেই পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যাবেন। এটা নিয়মিত সাক্ষাতের অংশ।”

তিনি জানান, দেখা করার জন্য আগেই কারা কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ১৫ জন সেখানে যাওয়ার কথা রয়েছে।

বুধবার আপিল বিভাগে রিভিউ রায়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আজই কারাগারে আমরা দেখা করতে যাচ্ছি না। কাল (বৃহস্পতিবার) কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা দেখা করতে চান তারা কারাগারের গেইটে এলে ঠিক করব কতজনকে অনুমতি দেওয়া হবে।”

সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজের রায়ের কপি এখনও কারাগারে পৌঁছেনি বলে জানান তিনি।

বুধবার ওই রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধ মামলার আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে এই যুদ্ধাপরাধী এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

প্রাণভিক্ষার আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে সে অনুযায়ী দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে সরকার।

আরেক যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনও বুধবার একইসঙ্গে খারিজ হয়ে যায়। তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

পুরনো খবর:

সাকার পরিবার নীরব