২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার পরিবার নীরব

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর তার পরিবারের সদস্যরা ঢাকার বাড়িতে থাকলেও সাংবাদিকদের সামনে আসেননি। 

আশিক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বাড়ি রাজধানীর ধানমণ্ডির ১০ নম্বর সড়কে।

বুধবার বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের রায়ের সময় থেকে সালাউদ্দিন কাদেরের বাড়ি ‘কিউ সি রেসিডেন্স’ ছিল নিস্তব্ধ।

বাড়ির ভেতরে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। ফটকের দারোয়ান বলেন, বিএনপি নেতার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং দুই ছেলে বাসায় আছেন।

“সকালে স্যারের বোন এসেছিলেন। বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজনরা আসছেন,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

এর আগে রায়ের সময় এই বিএনপির নেতার স্ত্রী, ছেলে ও স্বজনদের আদালত প্রাঙ্গণে সরব উপস্থিতি দেখা যেত। 

সালাউদ্দিন কাদের হুম্মাম কাদের চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা কারাগারে তার বাবার সঙ্গে দেখা করতে চাইবেন ।

“আজকেই কারাগারে আমরা দেখা করতে যাচ্ছি না। কাল (বৃহস্পতিবার) কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।”

ওই সড়কে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

Image
চট্টগ্রামের গুডস হিলে সালাউদ্দিন কাদেরের বাড়ি

চট্টগ্রামের গুডস হিলে সালাউদ্দিন কাদেরের বাড়ি

চট্টগ্রাম নগরীতে সালাউদ্দিন কাদেরের বাড়ি গুডস হিলও সুনসান। সেখানে বাইরে পুলিশের পাহারা রয়েছে।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের রয়েছেন নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের ফাঁসিকাষ্ঠে যাওয়া নিশ্চিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া আসেনি বিএনপির।

ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আপিল বিভাগে খারিজের মাধ্যমে সালাউদ্দিন কাদেরের আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তি হল।

এখন মৃত্যুদণ্ড কার্যকরে আর আইনি কোনো বাধা নেই। তবে কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে এই যুদ্ধাপরাধী এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরকে ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চার অভিযোগে তার মৃত্যুদণ্ড এবং পাঁচ অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

Image
বিচার প্রক্রিয়ায় আদালতে সালাউদ্দিন কাদের (ফাইল ছবি)

বিচার প্রক্রিয়ায় আদালতে সালাউদ্দিন কাদের (ফাইল ছবি)

গত বছরের ২৯ জুলাই সর্বোচ্চ আদালত তার আপিল আংশিক মঞ্জুর করে আটটিতে দণ্ডাদেশ বহাল রাখে, একটিতে খালাস দেওয়া হয়।

চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের ঘটনায় তার সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়।

আপিলের ওই রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার আবেদন করেন সালাউদ্দিন কাদের। বুধবার তা খারিজ হয়ে গেল।

পাকিস্তান গণপরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের এরশাদ আমলে মন্ত্রী এবং খালেদা জিয়ার আমলে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।

পারিবারিক এলাকা চট্টগ্রামের রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

পুরনো খবর:

রিভিউ খারিজ, সাকা-মুজাহিদকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে
উদ্ধত হাসি চুপসে দিল ‘ফাঁসি’
তামশা দ্যাখতে আইছি: সাকাপুত্র হুম্মাম